বাগেরহাট, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় গ্রামীণ ব্যাংকের এক শাখা ব্যবস্থাপক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের খান জাহান আলী রোডে পুলিশ সুপারের বাসভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নূরুল আসলাম হাওলাদার (৪৫) গ্রামীণ ব্যাংক সদর উপজেলার দেপাড়া বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
বাগেরহাট এরিয়া অফিসের ব্যবস্থাপক মোমিনুল হক জানান, বাগেরহাটে গ্রামীণ ব্যাংকের নয়টি শাখার ব্যবস্থাপকদের নির্ধারিত সভায় অংশ নিতে মো. নূরুল ইসলাম হাওলাদার সকালে বাগেরহাটে এসেছিলেন। সভা চলাকালে তিনি ব্যক্তিগত প্রয়োজনে বাইরে যান। খান জাহান আলী রোডে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।
তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুর ১টার দিকে তিনি মারা যান।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক আজগর আলী বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ চালক আল আমিনকে আহত অবস্থায় আটক করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬২৭ ঘ.
bdnews24