২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরিনে আগুন: দায়ীদের ফাঁসির দাবি

আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেছে শ্রমিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 07:22 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেছে শ্রমিক নেতারা। মঙ্গলবার সকাল ১০টায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। গত শনিবার সন্ধ্যায় আশুলিয়ায় নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশনসে আগুন লাগে। এতে অন্তত ১১০ জন নিহত হয়। এ ঘটনায় মঙ্গলবার জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দেয় সরকার। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ও জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ অন্যরা। বক্তারা আশুলিয়া তাজরীন ফ্যাশনে অগ্নিকান্ডে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান, এ ঘটনায় দায়ী মালিককে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া পোশাক কারখানার শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যদিকে, একই সময়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সভাপতিত্বে এ সমাবেশে বক্তৃতা করেন জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, জেলা টেক্্রটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক। তারা এ ঘটনায় দায়ী মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এদিকে, ঢাকার আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জে সব পোশাক কারখানা বন্ধ রয়েছে। মালিক পক্ষের সংগঠন বিকেএমইএ-এর উদ্যোগে নিহতের স্মরণে কোরাান খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১৫ ঘ.