লাবলু আনসার
নিউইয়র্ক প্রতিনিধি
নিউইয়র্ক, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে তৈরি পোশাক কারখানায় আগুনে শতাধিক শ্রমিকের প্রাণহানির খবর উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলোতে, যাদের প্রতিবেদনে কারখানায় শ্রমিকের নিরাপত্তা না থাকার কথা উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ওয়ালস্ট্রিট জার্নাল, লস এঞ্জেলেস টাইমস, ডেইলি নিউজ, শিকাগো ট্রিবিউন, মিয়ামি হেরাল্ড প্রভৃতি পত্রিকায় অগ্নিকান্ডের খবর গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনা স্থান পায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান টেলিভিশন চ্যানেলের সংবাদেও।
বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রের এসব সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে গড়িমসি ও জরুরি পরিস্থিতিতে কারখানা থেকে বেরোনোর পথ না থাকার বিষয়গুলোও উঠে এসেছে।
শনিবার সাভারের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে অন্তত ১১০ শ্রমিকের মৃত্যু হয়।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে তাজরিন ফ্যাশনসে কাজের পরিবেশ নিয়ে আমদানিকারকদের অসন্তুষ্টির কথা উঠে এসেছে।
এতে বলা হয়েছে, তুবা গ্রুপের এই প্রতিষ্ঠানকে কাজের পরিবেশের মানদণ্ডে ‘অরেঞ্জ’ তালিকায় অর্থাৎ ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে রেখেছিল তাদের পোশাকের মূল আমদানিকারক প্রতিষ্ঠান ওয়াল-মার্ট।
২০১১ সালের ১৬ মে ওয়াল-মার্টের একজন নিরীক্ষা কর্মকর্তা তাজরিন ফ্যাশনসকে ‘অরেঞ্জ’ শ্রেণিভুক্ত করে প্রতিবেদন দিয়েছিলেন বলে নিউ ইয়র্ক টাইমস জানায়।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনেও বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় শ্রমিকের নিরাপত্তা না থাকার কথা বলা হয়েছে।
নয় তলা ভবনের তাজরিন ফ্যাশনসে আগুনে এতো মানুষের মারা যাওয়ার পিছনে কারখানায় জরুরি নির্গমণ পথ না থাকাকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে।
এতে বলা হয়, আমদানিকারক প্রতিষ্ঠান ওয়াল-মার্টের ২০১২ সালের গ্লোবাল রেসপন্সিবিলিটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় অগ্নি নিরাপত্তা এখনো একটি বড় উদ্বেগের কারণ হয়ে রয়েছে।
অগ্নি নিরাপত্তা না থাকায় ২০১১ সালে ওয়াল-মার্ট বাংলাদেশের ৪৯টি কারখানা থেকে পোশাক নেয়া বন্ধ করে দেয় বলেও জানায় ওয়াশিংটন পোস্ট।
ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মৃত্যুর মিছিলে সর্বশেষ যোগ হয়েছে সাভারের অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা।
কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্যকর কাজের পরিবেশ ও বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গও উঠে আসে ওই প্রতিবেদনে।
ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, গত জুনে শ্রমিক আন্দোলনের মুখে সাভারের আশুলিয়া থানায় প্রায় ৩০০ কারখানা সাময়িকভাবে বন্ধ করা হয়। মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীর সমঝোতার পর এসব কারখানায় ফের কাজ শুরু হয়।
বিশ্বে পোশাক রপ্তানিতে চীনের পরই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশই আসছে এ খাত থেকে।
“কিন্তু বাংলাদেশের প্রায় পাঁচ হাজার পোশাক কারখানায় নিরাপত্তাহীনতা ও অস্বাস্থ্যকর কাজের পরিবেশ মানবাধিকারকর্মীদের সমালোচনার মুখে পড়েছে,” জানায় ওয়ালস্ট্রিট জার্নাল।
ওয়াল-মার্ট, এইচ অ্যান্ড এম, জেসি পেনি, মার্কস অ্যান্ড স্পেনসার, টমি হিলফিগার, কেয়ারফোর ও টেসকোর মতো বড় বড় প্রতিষ্ঠানে বাংলাদেশের তৈরি পোশাক আসে জানিয়ে লস এঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে এ শ্রমিকদের নিরাপত্তাহীনতা ও অস্বাস্থ্যকর কাজের পরিবেশের কথা বলা হয়।
যুক্তরাষ্ট্রের এসব গণমাধ্যমের কোনো কোনোটির খবরে গত দেড় যুগে আগুনে বাংলাদেশে অন্তত এক হাজার শ্রমিকের প্রাণহানির কথাও বলা হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের শোক
মর্মান্তিক এ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
২৫ নভেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র পক্ষ থেকে আগুনে হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ দুর্ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান তারা।
এ বিষয়ে নিউজার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলর নূরন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান অবলম্বন হলো গার্মেন্টস। এরপরেও গার্মেন্টস কারখানার শ্রমিকেরা বছরের পর বছর ধরে অবহেলিত রয়েছেন।”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিউইয়র্ক প্রবাসী মানবাধিকারকর্মী পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন, “শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিকের দাবিতে শ্রমিক ইউনিয়নের সংস্পর্শে আসতে পারে- এ আতঙ্কে কারখানায় বাইরে থেকে তালা লাগিয়ে রাখেন মালিকরা- এটা ওপেন সিক্রেট।”
আর এ কারণেই তাজরিন ফ্যাশনে এতো মানুষের প্রাণহানি হয় বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এসইউ/১২১৬ ঘ.
bdnews24