চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় সিভাসু ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ভর্তি পরীক্ষায় দুই হাজার ২৪১ জন ভর্তিচ্ছুর অংশ নেয়ার কথা রয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার আসন বিন্যাস পরীক্ষার দিন সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টাঙিয়ে দেয়া হবে।
পরীক্ষার সময় পরীক্ষার্থীদেরকে এইচএসসি বা সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র ও তার একটি ফটোকপি, দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির পেছনে পরীক্ষার্থীর নাম ও ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে সঙ্গে আনতেও বলা হয়েছে।
“বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার হলে দুই অংশ বিশিষ্ট ছাপানো প্রবেশপত্র সরবরাহ করবে। এর এক অংশে একটি ছবি লাগিয়ে শিক্ষার্থীকে দেওয়া হবে। অপর অংশে আরেকটি ছবি লাগিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।”
এবার বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫ জন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে ৬০ জন ও ফিশারিজ অনুষদে ৫০ জনসহ মোট ১৮৫ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
পরীক্ষার দিন বিকালেই ফল প্রকাশ করা হবে।
এছাড়া ১১ ও ১২ ডিসেম্বর মেধাতালিকা থেকে ও ১৩ ডিসেম্বর অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমডি/আরএ/১৮৩৫ ঘ.
bdnews24