২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একাধিক সিঁড়ি না থাকলে কারখানা বন্ধ’

জরুরি নির্গমন পথবিহীন তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত জানিয়েছেন শ্রমমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির পর পোশাক কারখানাগুলোতে একাধিক বহির্গমন পথ বা সিঁড়ি রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। বহির্গমন পথ বা সিঁড়ির অপ্রতুলতার জন্যই এ ধরনের কারখানাগুলোতে সামান্য ঘটনায় অনেক প্রাণহানি ঘটছে স্বীকার করে মন্ত্রী সাংবাদিকদের বলেছেন, “এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য প্রত্যেকটি কারখানাতেই একাধিক ব্যবহারযোগ্য বহির্গমন সিঁড়ি রাখতে হবে।” জরুরি নির্গমন পথবিহীন তাজরিনে অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে সোমবার মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধান কল-কারখানা পরিদর্শকের (সিআইএফ) নেতৃত্বে শিগগিরই বিভিন্ন এলাকার পোশাক কারখানা পরিদর্শন করা হবে বলে রাজিউদ্দিন জানান। “কোনো কারখানায় একাধিক বহির্গমণ সিঁড়ি না থাকলে ওই সব কারখানা বন্ধ করে দেয়ার পদক্ষেপ নেয়া হবে।” কল-কারখানা পরিদর্শন দপ্তরে জনবলের ঘাটতির কথা জানিয়ে মন্ত্রী বলেন, এজন্য সময়মতো সব কারখানা পরিদর্শন করা সম্ভব হয় না। এটা নিশ্চিত করা গেলে কারখানাগুলোতে দুর্ঘটনার পরিমাণ কমে আসবে। এজন্য সরকার কল-কারখানা পরিদর্শন দপ্তরের জনবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে। “এর আগে মালিকদের নিজ নিজ কারখানায় বহির্গমন সিঁড়ি বাড়াতে হবে। দ্রুতই এ কাজটি করতে বিজিএমইএ ও বিকেএমইএকে সময় দেয়া হবে। এতে কোনো অবহেলা থাকলেই ব্যবস্থা নেয়া হবে।” আশুলিয়ার ঘটনাটি ‘দুর্ঘটনা’ না কি ‘নাশকতা’- জানতে চাইলে মন্ত্রী বলেন, “এ ঘটনার দেখার দায়িত্ব আমাদের নয়। আমরা আমাদের শ্রমিকদের স্বার্থের বিষয়টি দেখছি। অন্য কোন বিষয় থাকলে তা দেখার জন্য অন্য সংস্থা আছে।” তাজরিনের আগুন খতিয়ে দেখতে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারকে সহায়তা দেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা এসেছে। “এসব অর্থ বিচ্ছিন্নভাবে দেয়া হলে তা শ্রমিকদের কোনো কাজে লাগবে না। তাই সমন্বয়ের মাধ্যমে এই অর্থ শ্রমিকদের হাতে পৌঁছে দেয়া হবে।” পোশাক মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দেখতে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪১ ঘ.