২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের অর্থ পাচার মামলার শুনানি পিছিয়েছে

সাক্ষী না আসায় তারেক রহমানের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলার সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষী না আসায় তারেক রহমানের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলার সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার হয়নি। ঢাকার তিন নম্বর বিশেষ জজ মো. মোজাম্মেল হোসাইন আগামী ২৯ নভেম্বর সাক্ষ্য নেয়ার নতুন তারিখ ঠিক করেছেন। খালেদা জিয়ার ছেলে তারেকের সঙ্গে ২০ কোটি টাকা পাচারের অভিযোগে করা এই মামলায় তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও আসামি। এই মামলায় সপ্তম সাক্ষী হিসেবে গত ১ নভেম্বর আদালতে সাক্ষ্য দেন মুগদা থানার ওসি মো. মাসুদ করিম। বৃহস্পতিবার অষ্টম সাক্ষীর সাক্ষ্য দেয়ার কথা ছিল। এই মামলায় যুক্তরাষ্ট্রের সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট ডেবরা লেপ্রোভেটসহ এই পর্যন্ত সাতজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। তারা হলেন- মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, মামলার নিবন্ধন কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি হোসনে আরা বেগম, মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন পরিদর্শক বর্তমানে ধোবাউড়া থানার ওসি মীর আলীমুজ্জামান, গুলশান থানার সাবেক ওসি কামাল উদ্দিন ও নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারপারসন খাদিজা ইসলাম। মামলার বিবরণে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হলে গিয়াস আল মামুন কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত সময়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। কাজ পাইয়ে দেয়ার কথা বলে এই টাকা নিয়ে তারেক ও মামুন সিঙ্গাপুরের সিটি ব্যাংকে রাখা হয় বলে দুদকের অভিযোগ। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুদক। গত বছরের ৬ জুলাই এই মামলায় অভিযোগপত্র দাখিল হয়। লন্ডনে অবস্থানরত তারেকের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও হয়। সিঙ্গাপুরে অর্থ পাচারের জন্য তারেক রহমানের ছোটভাই আরাফাত রহমান কোকো সাজাপ্রাপ্ত। তার পাচার করা অর্থের মধ্যে সাড়ে ১৩ কোটি টাকা ইতোমধ্যে ফেরত এনেছে দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২২২৮ ঘ.