২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

রাজধানীর পল্লবী থেকে বেসরাকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 09:45 AM

Updated : 25 Apr 2022, 09:57 PM

নিহত অমিত সাহা (২২) ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সিহাব, পিন্টু ও রুবেল নামে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা অমিতকে হত্যার কথা স্বীকার করেছেন।

পল্লবী থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে পল্লবীর ছয় নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের একটি বাড়ির চতুর্থতলার ফ্ল্যাট থেকে অমিতের লাশ উদ্ধার করা হয়।

ওসি জানান, অমিতের লাশ উদ্ধারের পর ওই ভবনের চতুর্থ তলার পাশের ফ্ল্যাট থেকে এক যুবককে প্রথমে আটক করা হয়। পরে তার তথ্য অনুযায়ী ভবন থেকে আরো দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন জনের বরাত দিয়ে ওসি আব্দুল লতিফ জানান, চিকিৎসার জন্য অমিতের বাবা শ্যামল সাহা ও মা রিতা সাহা ভারতে রয়েছেন। বাসা ফাঁকা পেয়ে ওই চার জন সন্ধ্যা থেকে অমিতদের বাসায় আড্ডা দিচ্ছিলেন। এদিন বাসায় তারা নেশাদ্রব্যও গ্রহণ করেন। এক পর্যায়ে কথাকাটাকাটির জের ধরে শ্বাসরোধে অমিতকে হত্যা করা হয়। হত্যার পর তারা তার গলায় গামছা পেঁচিয়ে লাশ ফ্যানের সঙ্গে ঝুলানোর চেষ্টা করেন। কিন্তু ঝুলাতে না পেরে লাশ মেঝেতে রেখেই পালিয়ে যায়।

যাওয়ার সময় তারা ওই বাসা থেকে ল্যাপটপ ও কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে অমিতের মামা কৃষাণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অমিতের মা অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য অক্টোবরে স্ত্রী ও ছেলেসহ তার বাবা ভারতে যান। কিন্তু বিবিএর পরীক্ষা থাকায় ১০ নভেম্বর অমিত দেশে চলে আসে।

দুই ভাইয়ের মধ্যে অমিত বড়। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর নিয়াজপুরে। বাবা শ্যামল সাহা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।