২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ২ বাস ডাকাত গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় বাস ডাকাতি ও চালক খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 08:24 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

কক্সবাজার, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়ায় বাস ডাকাতি ও চালক খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ অভিযানে একটি দেশী এলজি বন্দুক, ১ রাউন্ড কার্তুজ ও লুণ্ঠিত মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন কক্সবাজার সদর উপজেলার জালালবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার মোস্তাক আহমদের ছেলে আনিসুর রহমান রুবেল (২২), কক্সবাজার সদরের মধ্যম নাপিতখালী এলাকার মৃত সিদ্দিক আহমদের ছেলে নুরুল হুদা (২৯)। গত ১৬ নভেম্বর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকিরয়ার মেধাকচ্ছপিয়ায় যাত্রীবাসে ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতের গুলিতে তিশা পরিবহণের চালক জসিম উদ্দিন মারা যান এবং চালকের সহকারী আহত হন। চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়–য়া জানান, কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে লুণ্ঠিত মোবাইল সেটসহ আনিসুর রহমান রুবেলকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী নুরুল হুদাকে গ্রেপ্তার এবং মেধাকচ্ছপিয়ায় পাহাড় থেকে অস্ত্র উদ্ধার করা হয়। “ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আটকরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। ডাকাতিতে জড়িত ১২ জনের নাম জানা গেছে।” ১২ ডাকাত দুটি দলে বিভক্ত হয়ে ওই ডাকাতিটি করে। এর মধ্যে ৫জন যাত্রী বেশে চট্টগ্রাম থেকে ওই বাসে আসে। অপর ডাকাতরা ঘটনাস্থলে ছিল। অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১৫ ঘ.