ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদন নিয়ে জাতীয় সংসদে ব্যাপক সমালোচনার পর এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সাংসদরা এ সংস্থার কার্যক্রম বন্ধের দাবি তুলেছেন ‘ধারণার ঘাটতির’ কারণে।
মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “টিআইবির প্রতিবেদনের বিষয়ে সংসদ সদস্যদের ধারণার ঘাটতি থাকতে পারে; যার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।”
সোমবার সংসদ অধিবেশনে টিআইবির প্রতিবেদনের সমালোচনার পাশাপাশি এর নির্বাহী পরিচালকসহ কর্মকর্তাদের তলবের দাবিও ওঠে। জার্মানিভিত্তিক এ প্রতিষ্ঠানের কার্যক্রম এ দেশে বন্ধেরও দাবি জানান সাংসদরা।
এমন দাবির বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, “এমপিরা চাইতেই পারেন। কিন্তু আমাদের কার্যক্রমের মূলে রয়েছে গণতন্ত্রের চর্চা। সংসদ সদস্যরা যা করবেন তা যেন গণতন্ত্র চর্চার মাধ্যমেই হয়।”
“টিআইবি বন্ধ করার প্রক্রিয়াটাও যেন গণতান্ত্রিক হয়। আমাদেরও কথা বলার সুযোগ দিতে হবে। এবং জনগণের অভিমত নেয়াটাও জরুরি”, যোগ করেন তিনি।
দেশের অর্ধেক সংসদীয় আসনের সদস্যদের ওপর ‘গবেষণা’ চালিয়ে গত ১৪ অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবি, যাতে বলা হয়, সংসদ সদস্যদের ৯৭ শতাংশই বিভিন্ন ‘নেতিবাচক কর্মকাণ্ডে’ জড়িত।
প্রশাসনিক কাজে প্রভাব বিস্তার, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, উন্নয়ন বরাদ্দের অপব্যবহার, অপরাধমূলক কার্যক্রমে জড়িত হওয়ায় সমর্থন, সরকারি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার, নির্বাচনী আইন লঙ্ঘন, মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ নেয়াসহ বিভিন্ন অভিযোগ আসে সংসদ সদস্যদের বিরুদ্ধে।
ক্ষমতাসীন দল ও সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা শুরু থেকেই টিআইবির ওই প্রতিবেদনের সমালোচনা করে আসছিলেন। সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় প্রতিষ্ঠানটি বন্ধেরও দাবি তোলেন তারা।
স্পিকার আবদুল হামিদও টিআইবির সমালোচনা করে টিআইবির প্রতিবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন।
এর জবাবে ইফতেখারুজ্জামান বলেন, “বিষয়টা সম্পূর্ণ উল্টো। সংসদ সদস্যদের ভূমিকা যেন আরো জোরদার হয়- সে সুযোগ সৃষ্টি করতেই এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। সংসদকে আবমাননা করা আমাদের উদ্দেশ্য নয়।”
তিনি জানান, সাংসদদের ইতিবাচক ও নেতিবাচক- দুই ধরনের ভূমিকাই প্রতিবেদনে স্থান পেয়েছে।
দুদিন আগে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু টিআইবির এই প্রতিবেদনকে প্রত্যাখান করেন।
এ বিষয়ে নির্বাহী পরিচালক বলেন, “তথ্য মন্ত্রী আমাদের প্রতিবেদনটা দেখেছেন এবং বিশ্লেষণ করেছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই। আমাদের প্রতিবেদন সরকারের দৃষ্টিতে এসেছে এজন্য আমরা মনে করি, আমাদের প্রয়াস সফল হয়েছে।”
তবে তথ্যমন্ত্রী প্রতিবেদনের যেসব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন- সেগুলোর উত্তর টিআইবির ওয়েবসাইটেই দেয়া হয়েছে বলে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান।
বিরোধী দলকে রাজনৈতিক ইস্যু দেয়ার জন্যই এ প্রতিবেদন- ক্ষমতাসীনদের এমন অভিযোগের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, “আমাদের প্রতিবেদনটি প্রকাশের পরপর বিরোধী দলের কয়েকজন নেতা এটাকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু আমাদের প্রতিবেদনে ১৪৯ জন সংসদ সদস্যের ১৩ জন ছিলেন বিরোধীদলের। এবং এর ১২ জনই নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত বলে প্রতিবেদনে এসেছে। সুতারং আমরা কারো পক্ষে যাইনি।”
“আমাদের কাজের মূল উদ্দেশ্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহযোগিতা করা। এবং গণতন্ত্রের হাতকে শক্তিশালি করা।”
সাংসদদের এ ধরনের মন্তব্যের কারণে টিআইবির সঙ্গে কোনো ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, “কোনো দূরত্বের সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি না। বরং এই সমালোচনাকে আমরা ইতিবাচক হিসাবেই নিচ্ছি।”
“সংসদ সদ্যদেরও বুঝতে হবে, সমালোচনা মানেই বিরোধিতা নয়”, এমন মন্ত্যব্য করে তিনি বলেন, “দুঃসংবাদের বার্তাবাহককে গুলি করবেন নাকি দুঃসংবাদের কারণকে গুলি করবেন- সেটা আপনাদের ওপরে নির্ভর করে।”
দোহা জলবায়ু সম্মেলন সামনে রেখে ‘আন্তর্জাাতিক ও জাতীয় জলবায়ু অর্থায়নে চাই স্বচ্ছতা জবাবদিহিতা ও ন্যায্যতা’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি ও ক্লাইমেট ফিন্যান্স গভর্নেন্স (সিএফজিএন)।
অন্যদের মধ্যে টিআইবির জাকির হোসেন খান ও রফিকুল হাসান, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল ইয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা) এর সমন্বয়কারী রেহনুমা নুরায়েন, নেটওয়ার্ক ফর ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ (এনসিসিবি) এর মনসুর হাললাজ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/জেকে/১৩৪৪ ঘ.
bdnews24