২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটের বাজার বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

পাট ও পাটজাত দ্রব্যের বাজার সম্প্রসারণের বিষয়ে সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রপ্তানি বাড়িয়ে এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 09:04 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাট ও পাটজাত দ্রব্যের বাজার সম্প্রসারণের বিষয়ে সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রপ্তানি বাড়িয়ে এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। পাটের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনসহ সব ধরনের গবেষণায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, “আমরা যতদিন সরকারে আছি- গবেষণায় যত রকম সাহায্য দরকার আমরা তা করে যাব।” মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা। সরকার কৃষি গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “কৃষি গবেষণা কাউন্সিল আইন ২০১২ কৃষি গবেষণাকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস।” পাটের জিনবিন্যাস উন্মোচনকে ‘কৃষি গবেষণায় যুগান্তকারী সাফল্য’ অভিহিত করে শেখ হাসিনা বলেন, “আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পাটের ক্ষতিকর ফাঙাসের জীবনরহস্যও। কিন্তু গবেষণায় আগে কোনো বরাদ্দ ছিল না। আমরাই প্রথম এ গবেষণার জন্য ১২ কোটি টাকা বরাদ্দ দেই”, যোগ করেন প্রধানমন্ত্রী। বিগত সরকারগুলোর আমলে আদমজীসহ খুলনার পিপলস জুট মিল, চট্টগ্রামের কর্ণফুলী জুট মিল এবং কওমী জুট মিল বন্ধ করে দেওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দেশের উন্নয়ন নিয়ে ভাবেনি। “বাংলাদেশের পাটকলগুলো বন্ধ করে দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে স্মারক স্বাক্ষর করে বিএনপি। আর ঠিক ওই সময়ে ভারতে পাটকল তৈরির জন্য স্বারক স্বাক্ষর করে বিশ্ব ব্যাংক।” বর্তমান সরকার আসার পর খুলনার খালিশপুর জুট মিলস পিপলস জুট মিল নামে, সিরাজগঞ্জের বন্ধ থাকা কওমী জুট মিল জাতীয় জুট মিলস নামে চালু করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আরো তিনটি জুট মিলে পরীক্ষামূলক উৎপাদন চলছে। শিগগিরই সেগুলো উদ্বোধন করা হবে। পাট শ্রমিকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আমরা পাহাড়সম সমস্যা নিয়ে এসেছিলাম। অর্থের সমস্যা ছিলো। তাও আমরা মিলগুলো চালু করেছি। মিলগুলো যেন লাভজনক থাকে।” পাটের তৈরি পরিবেশবান্ধব নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের পাটের উৎপাদন বেড়েছে। কিন্তু বিশ্বে পাটের চাহিদাও বাড়ছে।” যে শাড়িতে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেটিও পাটের তৈরি বলে শেখ হাসিনা জানান। তিনি বলেন, বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের উদ্ভাবিত আধুনিক প্রযুক্তি, উচ্চফলনশীল জাত এবং উৎপাদন কলাকৌশল ব্যবহারের ফলে দেশে পাটের উৎপাদন ৩ দশমিক ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গড় ফলন বেড়েছে ১২ দশমিক ৫০ শতাংশ। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় কাঁচা পাট উৎপাদনকারী দেশ। উৎপাদিত কাঁচা পাটের ৯০ শতাংশ এবং পাটজাত পণ্যের ৬০ শতাংশ ১০০টি দেশে রপ্তানি হচ্ছে। ২০১০-১১ অর্থবছরে প্রায় ২০ কোটি টাকা মুনাফা এসেছে এই খাত থেকে। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রণয়নের করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বব্যাপী পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তু পাট ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।” বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জিনোম সিকোয়েন্সের মতোই খরা, লবণাক্ততা ও শীতসহিষ্ণু পাটের নতুন জাত উদ্ভাবন করতে পারবেন বলেও অনুষ্ঠানে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি পণ্যভিত্তিক ও কাগজের মণ্ড তৈরির জন্য সারাবছর চাষোপযোগী পাট ও পাট জাতীয় আঁশ ফসলের জাত এবং রোগ জীবাণু ও পোকামাকড় সহনশীল উচ্চ ফলনশীল পাট জাত উদ্ভাবন করতেও সংশ্লিষ্টদের উৎসাহ দেন। কৃষক ও কৃষির উন্নয়নে ‘জাতীয় কৃষি নীতি ২০১১’ প্রণয়ন করাসহ সরকারের নেয়া বিভিন্ন কর্মকা-ের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুলের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং পাট ও বস্ত্র মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের পরিচালক মঙ্গল চন্দ্র চন্দ। মূল প্রবদ্ধ পাঠ করেন বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক মো. কামাল উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক নাসির উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৪৫৫ ঘ.