নারায়ণগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলায় সদর থানার ওসিসহ ১০জন আহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ২ নম্বর রেল গেইটে এ ঘটনার সময় শিবির কর্মীরা পুলিশের একটি গাড়ি ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।
এ সময় শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে পৃথক আরেকটি ঘটনায় রূপগঞ্জের ভুলতা থেকে সকালে পুলিশ চার শিবিরকর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামীর কারাবন্দি শীর্ষ নেতাদের মুক্তি ও যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতে শহরের নূর মসজিদের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।
মিছিলটি ২ নম্বর রেল গেইটে পৌঁছালে সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের ওপর ঢিল ছুড়তে শুরু করে শিবির কর্মীরা। এক পর্যায়ে তারা সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদেরকে বহনকারী পুলিশের গাড়ি ভাংচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের সঙ্গে শিবির ক্যাডারদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে শিবির কর্মীরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ কাঁদানে গ্যাসের ১০টি শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা না গেলেও ভিডিও ও ছবি দেখে হামলায় জড়িতদের শনাক্ত করে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
হামলায় আহত ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে বহনকারী পিকআপ ভ্যানটি শিবিরের মিছিলের সামনে পড়ে গেলে প্রথমে তারা বৃষ্টির মতো ইট নিক্ষেপ করে। পরে তারা ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
এ সময় তিনিসহ কনস্টেবল আসাদুরর রহমান ও হাবিলদার আলমগীর হোসেন আহত হন বলে ওসি জানান।
এই তিন পুলিশ সদস্যসহ আহত ১০জনকে শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই নম্বর রেলগেইটে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এদিকে শহরের ২ নম্বর রেল গেইটের শ’ খানেক গজ দূরে জেলা বিএনপির কার্যালয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। কিন্তু বাইরে সংঘর্ষ শুরু হলে ওই অনুষ্ঠান বিলম্বিত হয়।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক চার জামায়াত-শিবিরকর্মী হলেন ভুলতার মর্তুজাবাদের ইয়াছিন মোল্লা (৩৫), টেকপাড়ার ইমামুল হক খোকন (৪৫), ভুলতার হোসেন আলী (৬৫) এবং শিংলাবের নাছির উল্লাহ (১৪)।
তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শিবিরের ২০/২৫ জন ভুলতায় বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তাদের হামলায় চারজন আহত হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনার জেরে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ভুলতায় অভিযান চালায়।
এর আগে গত ১৭ অক্টোবর নারায়ণগঞ্জে ১৮ দলের একটি কর্মসূচির সময় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। ১৭ সেপ্টেম্ব বিকেএমইএর নির্বাচনের দিনও শিবির কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে চলতি মাসের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাংচুর চালিয়ে আসছে জামায়াত-শিবির কর্মীরা। রোববারও তারা ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় পুলিশের ওপর হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬৪৫ ঘ.
bdnews24