গাজীপুর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় বগি লাইনচ্যুত হয়ে ১০ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
রেলওয়ের গফরগাঁও সার্কেলের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী গাজী মোফজ্জল হোসেন জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগি দুটি সরিয়ে নেয়ার পর এক পাশের লাইন মেরামত করে সোমবার ভোর ৫টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।
রেল কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু সেতুগামী (পূর্ব) যমুনা এক্সপ্রেসকে শ্রীপুরের কাওরাইদ স্টেশনে থামিয়ে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসকে আগে যেতে দেয়া হয়। স্টেশন পার হওয়ার সময়ই দুর্ঘটনায় পড়ে তিস্তা।
প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, ট্রেনের দুটি বগি লাইন ছেড়ে বেরিয়ে গেলে কাওরাইদ স্টেশনের এক নম্বর লাইনের একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় দুই নম্বর লাইনটিও।
তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, তিস্তার লাইনচ্যুত বগি দুটি ছিল ট্রেনের সবচেয়ে পেছনে। ওই দুটি বগি কাওরাইদে রেখেই রাত ৮টার দিকে তিস্তা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে বাকি লাইন অকেজো হয়ে পড়ায় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে যমুনা, ব্রহ্মপুত্র, অগ্নিবীণাসহ কয়েকটি ট্রেন।
ঢাকা থেকে রাত সাড়ে ১০টার দিকে একটি এবং ময়মনসিংহ থেকে রাত আড়াইটার দিকে আরেকটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি দুটি সরিয়ে নেয়ার পর ভোর ৪টার দিকে স্টেশনের দুই নম্বর লাইনটি মেরামত করা হয়।
ওই লাইন দিয়েই ভোর পাঁচটার দিকে আবার রেল চলাচল শুরু হয় বলে কাওরাইদের স্টেশন মাস্টার আব্দুল করিম জানান।
তিনি বলেন, “সোমবার ভোর ৫টা ৭ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ও সাড়ে ৬টার দিকে বহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ স্টেশন ছেড়ে গেছে।”
স্টেশনের এক নম্বর লাইনটিও মেরমত করা হচ্ছে জানিয়ে আব্দুল করিম বলেন, এ লাইনটিও বিকাল নাগাদ চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৮২৩ ঘ.
bdnews24