নারায়ণগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক নৈশ প্রহরীকে বেঁধে তিনটি ট্রান্সফরমার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে ওই ট্রান্সফরমারগুলো নিয়ে যাওয়ার পর ৩টি এলাকার প্রায় পাঁচশ পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
এর আগেও একই স্থান থেকে ছয় মাস আগে একই কায়দায় তিনটি ট্রান্সফরমার খোয়া যায়। তবে সেগুলো এখনো উদ্ধার করা যায়নি।
বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শহীদুল্লাহ বলেন, শনিবার গভীর রাত ২টার দিকে একটি বালুর ট্রাক নিয়ে ৬-৭ জন দুর্বৃত্ত বন্দর বাজার এলাকায় যায়। তারা ওই এলাকার নৈশ প্রহরী আসলামকে বেঁধে পাশাপাশি থাকা ট্রান্সফরমার তিনটি খুলে নিয়ে যায়।
এ কারণে বন্দরের উইলসন রোড, আমিন আবাসিক এলাকা এবং লেজারাস এলাকার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে।
বন্দর থানার ওসি ওসি নূর মোহাম্মদ বলেন, এ ব্যাপারে বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শহীদুল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৩৬ ঘ.
bdnews24