২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান উৎপাদন বাড়াবে ‘ট্রে-নার্সারি’ প্রযুক্তি

এ পদ্ধতিতে বড় ট্রেতে চারা উৎপাদন করে তা যান্ত্রিকভাবে ক্ষেতে রোপন করা হয়। বিএডিসির মধুপুর খামার থেকে ফিরে জানাচ্ছেন মহসীনুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 05:22 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

মহসীনুল করিম জ্যেষ্ঠ প্রতিবেদক, টাঙ্গাইলের মধুপুর খামার থেকে ফিরে ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধান চাষে ‘ট্রে-নার্সারি’ নামে একটি নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন প্রায় দেড়গুণ বাড়ানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। এ প্রযুক্তিতে বড় ট্রেতে চারা উৎপাদন করে তা যান্ত্রিকভাবে ক্ষেতে রোপন করা হয়। বিএডিসির টাঙ্গাইল মধুপুর খামারের উপ-পরিচালক শহীদুল ইসলাম জানান, খামারে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি ব্যবহার করে ধানের উৎপাদন গড়ে ৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান গোল্ডেন বার্ন কিংডমের (জিবিকে) আমদানি করা ‘ট্রে-নার্সরি’ পদ্ধতি ব্যবহার করে মধুপুর খামারে এ বছর এক হেক্টর (সাড়ে সাত বিঘা) জমিতে বিনা-৭ জাতের ধান চাষ করা হয়। টাঙ্গাইল, কুষ্টিয়া, রাজশাহী ও বগুড়াতেও জিবিকের সহায়তায় এ পদ্ধতিতে পরীক্ষামূলক ধান চাষ করেছে বিএডিসি। শুক্রবার মধুপুর খামারে নতুন পদ্ধতি এবং সাধারণ পদ্ধতিতে চাষ করা বিনা-৭ জাতের ধান কাটা এবং মাড়াই করা হয়। এতে দেখা যায়, ট্রে-নার্সারি পদ্ধতি ব্যবহার করা ধান উৎপাদন হয়েছে হেক্টর-প্রতি সাত মেট্রিক টন। প্রতি বিঘায় এ উৎপাদনের পরিমান প্রায় ২৩ মণ। যা শুকানোর পর কিছুটা কমতে পারে। একই খামারে সাধারণ পদ্ধতি ব্যবহার করে চাষ করা জমিতে হেক্টর-প্রতি ধানের উৎপাদন হয়েছে পাঁচ মেট্রিক টন। প্রতি বিঘায় এর উৎপাদন প্রায় ১৭ মণ। শহীদুল জানান, ট্রে পদ্ধতি ব্যবহার করে ধানের উৎপাদন ৪৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। আমনের আগে বোরোতেও পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তাতেও সাফল্য পাওয়া গেছে। বিএডিসির মহাব্যবস্থাপক আজিজুল হক জানান, মধুপুরের মতো রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া এবং টাঙ্গাইলের কাশিমপুরে কৃষক পর্যায়ে পরীক্ষামূলক ধান চাষেও একই ধরনের সাফল্য পাওয়া গেছে। বীজ উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক আশুতোষ লাহিড়ী জানান, কৃষি শ্রমিকের সংকট এবং রোপা-জাতীয় ধান চাষের প্রস্তুতিতে সময়ের আধিক্য কমাতে ট্রে নার্সারি পদ্ধতি কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রযুক্তিটির আমদানিকারক জিবিকের ব্যবস্থাপনা পরিচালক শাহদাব আকবর জানান, এই যন্ত্র ব্যবহার করে বিশেষ পদ্ধতির বীজতলা তৈরি, চারা উৎপাদন এবং প্রযুক্তি ব্যবহার করে রোপা-ধান লাগানো যায়। এতে বীজ সংগ্রহ, বীজতলা তৈরি এবং ধান রোপনে বিঘা-প্রতি ব্যয় হবে এক হাজার ৫০০ টাকা। সাধারণ পদ্ধতিতে কৃষি শ্রমিক দিয়ে ধান চাষে এতে ব্যয় হয় দুই হাজার টাকার বেশি। তিনি বরেন, সমবায় ভিত্তিতে এ প্রযুক্তি কিনে অথবা সেবাদাতা প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে এ পদ্ধতিতে চাষাবাদ করা যাবে। এতে কৃষি শ্রমিক, বীজ সংগ্রহ এবং চারা রোপণের জন্য কৃষককে উদ্বিগ্ন থাকতে হবে না। সেবা-দাতা প্রতিষ্ঠানই এ পদ্ধতিতে ধান উৎপাদনের এ প্রক্রিয়াগুলো করে দেবে। কৃষক শুধু সার দেয়া এবং ধান কাটার কাজটুকু করবে। ট্রে-নার্সারি প্রযুক্তি এ পদ্ধতিতে নিদিষ্ট পরিমান রাসায়নিক ব্যবহার করে সারমিশ্রিত বিশেষ ধরনের মাটি ব্যবহার করে একটি বিশেষ পদ্ধতির ট্রের ওপরে চারা উৎপাদন করা হয়। এ চারা মাত্র ১৩ থেকে ১৫ দিনের মধ্যে মাটিতে রোপনের যোগ্য হয়। শাহদাব আকবর জানান, ওই বয়সী চারা বান্ডিল আকারে বেঁধে রোপণ যন্ত্রের (রাইস ট্রান্সপ্লান্টার) মাধ্যমে মাঠে রোপন করা হয়। এ পদ্ধতিতে একজন মানুষ একটি রোপন যন্ত্র ব্যবহার করে দিনে ১৫ বিঘা জমিতে চারা রোপন করতে পারে। এ প্রযুক্তি ব্যবহারে কৃষি শ্রমিকের সংকট নিরসন এবং ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। টেনে তুলতে হয় না বলে এ পদ্ধতিতে চারার শিকড়ও ছিড়ে না। কম বয়সী এসব চারায় শিকড় লম্বা থাকায় তা দ্রুতই মাটিতে লেগে যায় এবং সোজা হয়ে দাঁড়িয়ে বাড়তে থাকে। ট্রেতে উঠোনের স্বল্প পরিসর স্থানেও চারা রাখা ও পানি দেয়াসহ পরিচর্চা করা যায়। চারা বড় হওয়ার সময় ঝড়, বৃষ্টি, অতিরিক্ত শিশির হলে ট্রে-টি ঘরের ভেতরেও রাখা যায়। বিএডিসির কর্মকর্তারা জানান, কৃষি শ্রমিকের সংকট এবং সাধারণ পদ্ধতিতে চাষের ক্ষেত্রে বেশি সময়ের প্রয়োজন হয়। এ অবস্থায় আমাদের দেশে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ সময়ের দাবি। এক্ষেত্রে এ পদ্ধতি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন এ পদ্ধতির চাষাবাদ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক বলেন, পরীক্ষামূলক চাষাবাদে ট্রে পদ্ধতি ব্যবহার করে বেশি ফলন পাওয়া যাচ্ছে। জনসংখ্যাবহুল ও ফসলী জমি কমতে থাকা বাংলাদেশে এ প্রযুক্তির ব্যবহার খুবই সময়োপযোগী। এতে কম খরচে, অল্প জমিতে অধিক ফসল উৎপাদন সম্ভব হবে। জাপান ১৯৬২ সাল থেকে এ প্রযুক্তির ব্যবহার করছে। সেখানে এখন আর সনাতন পদ্ধতিতে ধান চাষ হয় না। তাইওয়ান ১৯৭৫ সাল থেকে এ পদ্ধতিতে ধান চাষ করছে। কয়েক বছর ধরে চীনও এ প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বলে জানান বিএডিসির কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১২৪৫ ঘ.