২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটাইলে ভোটার উপস্থিতি কম

জাতীয় সংসদের জন্য নিজেদের প্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের ভোটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 02:44 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

টাঙ্গাইল, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোটারদের কম উপস্থিতির মধ্যেই টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল সোয়া নয়টায় দীগড় ইউনিয়নের হামিদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে মাত্র তিনজন মহিলা ভোটার দেখা যায়। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম জানান, ২ হাজার ১৪৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫০ থেকে ১৬০ জন। পাশের গারট্ট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের কোনো সারি দেখা যায়নি। সেখানে ৪ হাজার ২৭০ জন ভোটারের মধ্যে প্রায় ৩০০ জন সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছে বলে প্রিজাইডিং অফিসার শহিদুল ইসলাম জানান। সকাল সাড়ে দশটায় ঘাটাইল পৌর এলাকার গণ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়েও ভোটার উপস্থিতি কম দেখা যায়। সেখানে তখন পর্যন্ত ২ হাজার ৮২১ জনের মধ্যে ৫০০ ভোট দিয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার মুসলিম উদ্দিন। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ভোট শুরু হয়েছে। ৯৬টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম লেবু। এ ছাড়া বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আমানুর রহমান খান রানা (আনারস) ও জাতীয় পার্টি আবু ইউসুফ আবদুল¬াহ তুহিন (লাঙ্গল)। গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা ডা. মতিউর রহমান মারা যাওয়ার পর ঘাটাইল আসনটি শূন্য হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত ঘাটাইল আসনে ভোটার ২ লাখ ৭১ হাজার ৩২৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩১ হাজার ৭৮৬ জন ও মহিলা এক লাখ ৩৯ হাজার ৫৪৩ জন। নির্বাচনের দায়িত্বে আছেন ৯৬ জন প্রিজাইডিং, ৫৮২ জন সহকারি প্রিজাইডিং ও এক হাজার ১৬৪ জন পোলিং অফিসার। নির্বাচনী এলাকার আইন-শৃংখলা নিয়ন্ত্রণে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চার জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পুলিশ, ব্যাটেলিয়ান আনসারের পাশাপাশি ছয় প্ল¬াটুন বিজিবি, র‌্যাবের ৩২টি দল (প্রতি টিমে ৮জন) ও এপিবিএন সদস্যরাও নির্বাচনী এলাকায় রয়েছেন। ১৯৭৩-এর নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের শামসুর রহমান খান শাহজাহান, ১৯৭৯-এর নির্বাচনে বিএনপির ডা. শওকত আলী ভূইয়া, ১৯৮৬ সালে আবারো আওয়ামী লীগের শামসুর রহমান খান শাহজাহান, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ এর নির্বাচনে বিএনপির লুৎফর রহমান খান আজাদ এবং সর্বশেষ ২০০৮-এর নির্বাচনে আওয়ামী লীগের ডা. মতিউর রহমান নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এসইউ/১২৩১ ঘ.