২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের অপেক্ষায় ঘাটাইলবাসী

জনপ্রতিনিধি নির্বাচনে রাত পোহালে ভোট দেবে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের অধিবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 06:26 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

টাঙ্গাইল, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রতিনিধি নির্বাচনে রাত পোহালে ভোট দেবে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের অধিবাসীরা। রোববার সকাল ৮টা থেকে একটানা ৪টা পর্যন্ত ৯৬টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম লেবু। এ ছাড়া বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে আছেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আমানুর রহমান খান রানা (আনারস) ও জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন (লাঙ্গল)। রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত এ আসনে ভোটার ২ লাখ ৭১ হাজার ৩২৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩১ হাজার ৭৮৬ জন ও মহিলা এক লাখ ৩৯ হাজার ৫৪৩ জন। ৯৬ জন প্রিজাইডিং, ৫৮২ জন সহকারি প্রিজাইডিং ও এক হাজার একশ’ ৬৪ জন পোলিং অফিসার ভোটের দায়িত্বে থাকবেন বলেও জানান তিনি। এরই মধ্যে আইন-শৃংখলা নিয়ন্ত্রণে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চার জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পুলিশ, ব্যাটেলিয়ান আনসারের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩২টি টিম (প্রতি টিমে ৮জন) ও এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ আসনে ১৯৭৩-এর নির্বাচনে আওয়ামী লীগের শামসুর রহমান খান শাহজাহান, ১৯৭৯-এর নির্বাচনে বিএনপি’র ডা. শওকত আলী ভূইয়া, ১৯৮৬ সালে পুনরায় আওয়ামী লীগের শামসুর রহমান খান শাহজাহান, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ -এর নির্বাচনে বিএনপি’র লুৎফর রহমান খান আজাদ ও ২০০৮-এর নির্বাচনে আওয়ামী লীগের ডা. মতিউর রহমান নির্বাচিত হন। গত ১৩ সেপ্টেম্বর ডা. মতিউর রহমান মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/০০২৩ ঘ.