ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রকার সুভাষ দত্তের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিরোধী দল বিএনপি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সহসভাপতি সাদেক হোসেন খোকার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শুক্রবার দুপুরে রামকৃষ্ণ মিশন রোডে সুভাষ দত্তের বাসায় গিয়ে প্রয়াত এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানান।
মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “মুক্তিযুদ্ধের অন্যতম সাক্ষী সুভাষ দত্ত। তার প্রয়াণে চলচ্চিত্র শিল্পের এক অপূরণীয় ক্ষতি হলো। এটা কখনো পূরণ হওয়ার নয়।”
“বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপি এই নির্মাতা, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে।”
সুভাষ দত্তের পরিবারের সঙ্গে কথা বলে তাদের সান্ত¡না দেন ফখরুল।
অন্যদের মধ্যে বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাধারণ সম্পাদক মনির খান, যুগ্ম সম্পাদক সাইরুল কবির খান, শ্রমিক দলের নেতা নুরুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডে নিজের বাড়িতে মারা যান একুশে পদকজয়ী চলচ্চিত্রকার সুভাষ দত্ত। তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪২৫ ঘ.
bdnews24