২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাগ অপহরণে ‘জড়িত’ একজন গ্রেপ্তার

গ্রেপ্তার মামুন কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার বাসিন্দা হলেও তাকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলছাত্র পরাগ মণডল অপহরণে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার মামুন (৪০) কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার বাসিন্দা হলেও তাকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলী এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। শুভাঢ্যা এলাকার বাসিন্দা ব্যবসায়ী বিমল মণ্ডলের স্ত্রী, মেয়ে ও গাড়িচালককে গুলি করে গত রোববার ছেলে পরাগকে তুলে নেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের আঁটি বাজার এলাকায় অপহরণকারীরা ছেড়ে দিলে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা মনির বলেন, “মামুনের বাড়ি শুভাঢ্যা গ্রামে। পরাগের অপহরণের পেছনে মামুন জড়িত- এমন তথ্য আমাদের কাছে রয়েছে।” পরাগ অপহরণের পর তার দাদি সাবিত্রী মণ্ডল থানায় যে মামলা করেছেন, তা তদন্ত করছেন পরিদর্শক মনির। মামুনের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “২০০১ সালে তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ রয়েছে।” পরাগ অপহরণের ঘটনায় এই পর্যন্ত মামুনই প্রথম গ্রেপ্তার হলেন। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, অপহরণে জড়িত বলে চারজনকে সনাক্ত করেছেন তারা। তাদের অচিরেই গ্রেপ্তার হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। অপহরণে জড়িতদের গ্রেপ্তারে র‌্যাবও সক্রিয় বলে জানিয়েছেন বাহিনীর মুখপাত্র এম সোহায়েল। উদ্ধারের পর পরাগকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেহে আঘাতের চিহ্ন না থাকলেও তিনদিনের ধকল সামলাতে হয়েছে ছয় বছর বয়সী শিশুটিকে। পরাগ কবে নাগাদ হাসপাতাল থেকে বাসায় ফিরবে- জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, চিকিৎসক ছাড়পত্র দিলেই পরাগ বাসায় আসবে। গত রোবাবর সকালে কেরানীগঞ্জের শুভাড্যা পশ্চিম পাড়ায় মা, বোন ও গাড়িচালককে গুলি করে ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরাগের মা গুলিবিদ্ধ লিপি মণ্ডল (৩৩) বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। পরাগের বোন পিনাকি মণ্ডল (১১) হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেও গুলিবিদ্ধ গাড়িচালক নজরুল ইসলাম (৩৫) মিটফোর্ডে ভর্তি রয়েছেন। কী কারণে পরাগকে অপহরণ করা হয়, সে বিষয়েও তার পরিবারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ কিছু বলেনি। পরাগের বাবা তাঁতীবাজারের জে কো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল বলেন, “কারো সঙ্গে আমার তেমন কোনো শত্রুতা নেই। জমি নিয়ে ছোট একটি বিরোধ থাকলেও তা মিটে গেছে।” অবশ্য নজরুল নামে স্থানীয় এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে পরাগকে অপহরণ করা হয়েছে বলে এলাকার অনেকেই মনে করেন। বিএনপি নেতা ও ওই এলাকার সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সোমবার সাংবাদিকদের বলেছিলেন, স্থানীয় ক্ষমতাধর ‘ভূমিদস্যুরা’ পরাগের বাবার সম্পত্তি দখলের জন্য এ ঘটনা ঘটিয়েছে। পরাগকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে বলে র‌্যাব দাবি করছে, তবে পুলিশ তা নাকচ করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২৩০ ঘ.