বরিশাল, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরী থেকে বুধবার ১১ শিবিরকর্মীকে আটক করেছে র্যাব ও পুলিশ।
একইদিন সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক জামায়াত নেতাকে আটক করা হয়।
বরিশাল কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির বলেন, পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মডেল থানা পুলিশ বিকাল ৩টায় নগরীর বৈদ্যপাড়া জোড়া পুকুর পাড় এলাকার একটি মেস থেকে দুইজনকে আটক করে।
তিনি আরো জানান, একই সময় র্যাব-৮ এর একটি দল নগরীর রূপাতলী লালা দীঘির পাড় এলাকার মদীনা ছাত্রাবাস থেকে নয়জনকে আটক করে। সেখানে তারা সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল।
তাদের মেস থেকে একটি ব্যানার ও কিছু বইও উদ্ধার করা হয়।
আটকরা হলেন মো. আদিল মোস্তফা (২৪), নাঈমুল হাসান (২৩), আব্দুর রহিম (২০), সাইফুল ইসলাম (১৯), সাইফুল ইসলাম (২১), মো. ইলিয়াস খান (১৮), মাসুদ রানা (২১), মো. শহিদুল ইসলাম (২৩), নাজমুল হাসান (১৯), সুমন হাওলাদার (২৩) ও সানাউল্যাহ নূরী (২৫)।
সাতক্ষীরায় জামায়াত নেতা আটক
সাতক্ষীরার কলারোয়া থানার ওসি শিকদার আক্কাজ আলি বলেন আটক জামায়াত নেতা মো. আসাদুজ্জামান (৪০) চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
ওসি বলেন, নাশকতা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত জামায়াত-শিবিরের বিরুদ্ধে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় বুধবার ভোররাতে জামায়াতের রুকন আসাদুজ্জামানকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়।
বুধবার দুপুরে আদালতে হাজির করলে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১১৯ ঘ.
bdnews24