ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশ্ন ফাঁসের গুজবের কারণে স্থগিত হওয়া ৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে।
মঙ্গলবার সন্ধ্যার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরুর আগের দিন গত ৬ অক্টোবর ‘অনিবার্য কারণে’ পরীক্ষা স্থগিত করে পিএসসি।
এই বিসিএস পরীক্ষা শুরুর কয়েক দিন আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে লিখিত পরীক্ষার প্রশ্ন পাওয়া যাচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়ে। এনিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।
এমন পরিস্থিতিতে পরীক্ষা শুরুর দুই দিন আগে পিএসসির পক্ষ থেকে বলা হয়েছিল, পরীক্ষার আগে এ ধরনের গুজব থাকলেও এমন কোনো আশঙ্কা নেই। কিন্তু পরে পরীক্ষা স্থগিত করা হয়।
গত ৭ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গত ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত পদ সংশি¬ষ্ট বিষয়গুলোর (টেকনিক্যাল ও প্রফেশনাল ক্যাডারভুক্ত) পরীক্ষা হচ্ছে। এতে ২৮ হাজার ৯১৭ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে গত ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৮১৭ ঘ.
bdnews24