সিরাজগঞ্জ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচিতে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন।
সোমবার সকাল ৬টার দিকে উপজেলার সাতলাঠি বাহ্মণ গ্রামে এ ঘটনায় নিহতরা হলেন ওই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সৈয়দুল আলী (৩২), তার ফুফাত ভাই আলমগীর হোসেন (৪০) এবং তাদের প্রতিপক্ষ চাচা শামসুল হক (৫০)।
আহত দুইজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে বেলকুচি থানার ওসি মিজানুর রহমান জানান, একখণ্ড জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে সৈয়দ আলীর সঙ্গে একই এলাকার সাইফুল ইসলাম ও শামসুল হকের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সোমবার সকাল ৬টার দিকে সাইফুল ইসলাম ও শামসুল হক লাঠিসোটা ও ধারালো অস্ত্র হাতে সহযোগীদের নিয়ে ওই জমির দখল নিতে যান। এ সময় সৈয়দ আলীর পক্ষ বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ সময় বুকে বর্শাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সৈয়দুল আলী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আলমগীরের। বিকাল ৩টার দিকে শামসুল হকের মৃত্যু হয় বগুড়ার একটি হাসপাতালে।
অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুই ভাই নিহত হওয়ার ঘটনায় ১৯ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/২১০০ ঘ.
bdnews24