রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ে জড়িত সন্দেহে এক রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে পিটুনির শিকার হন রিকশাচালক মমতাজ উদ্দীন।
মতিহার থানার ওসি সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যায়ের ছয় ছাত্রী তিনটি রিকশা নিয়ে ক্যাম্পাসের নারিকেলবাড়ীয়ায় ঘুরতে যান।
শিক্ষকদের পশ্চিম কোয়ার্টারের পাশ দিয়ে যাওয়ার সময় তিন মোটরসাইকেল আরোহী এসে একটি রিকশা আটকে শিক্ষার্থীদের ছুরির ভয় দেখিয়ে দুইটি চেইন এবং একটি মোবাইল পোন সেট ছিনিয়ে নিয়ে যায়, বলেন ওসি।
তিনি বলেন, এ সময় ছাত্রীদের চিৎকারে আশপাশের শিক্ষার্থীরা সেখানে আসেন। ছাত্রীরা জানান, রিকশাচালক মমতাজ ছিনতাইকারীদের সঙ্গে কথা বলে এ ঘটনা ঘটিয়েছে।
পরে শিক্ষার্থীরা মমতাজকে মাদার বখ্শ হলের সামনে নিয়ে লাঠিসোটা দিয়ে মারধর করে পুলিশে দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯২৩ ঘ.
bdnews24