২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপ্লবকে স্মরণ স্বজনদের

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হার মানা দৈনিক বণিকবার্তার আলোকচিত্র সাংবাদিক কাজী বিপ্লবকে (৩০) স্মরণ করলেন তার সহকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হার মানা দৈনিক বণিকবার্তার আলোকচিত্র সাংবাদিক কাজী বিপ্লবকে (৩০) স্মরণ করলেন তার সহকর্মীরা। শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বটতলায় বিপ্লবের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠান ও কাঙালিভোজের আয়োজন করেন তারা। গত ২৮ অক্টোবর রাতে টঙ্গী যাওয়ার পথে মহাখালী ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার পেছন থেকে বিপ্লবের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত বিপ্লব এরপর থেকে মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। ২রা নভেম্বর দুপুর ৩টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। অনুষ্ঠানে জাতীয় দৈনিক এবং সংবাদ সংস্থার আলোকচিত্র সাংবাদিকরাসহ বিপ্লবের বিভিন্ন সময়ের সহকর্মী ও বন্ধুরা উপস্থিত ছিলেন। এছাড়া বিপ্লবের স্ত্রী, মা, বড়বোন ও দুই ভাই এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুস্থ সাংবাদিক সহায়তা তহবিল থেকে বিপ্লবের জন্য ২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “বিপ্লবের পরিবারকে সহায়তার জন্য আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বরাদ্দ এ অর্থ ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাওয়া যাবে আশা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৭২৬ ঘ.