চুয়াডাঙ্গা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজে এ দুর্ঘটনায় নিহত আরজু (১৮) সদর উপজেলার মুক্তিপাড়ার নাসির উদ্দিনের ছেলে।
আহতরা হলেন দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের সামসুল হকের ছেলে শিশির (১৮), সদরের দৌলাতদিয়াড় গ্রামের স্বপন ঘোষের ছেলে স্বদীপ ঘোষ (১৮) ও জেলা শহরের ফেরিঘাট রোডের শিবপ্রসাদ সাহার ছেলে সুদীপ সাহা (১৯)।
তাদের মধ্যে সুদীপকে ঢাকার পঙ্গু হাসপাতাল এবং বাকিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি মোটরসাইকেলযোগে হতাহত চার যুবক চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। ঘোড়ামারা ব্রিজ পার হওয়ার সময় বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় মোটরসাইকেল দুটিকে। এতে ঘটনাস্থলেই আরজুর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডা. রাজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুদীপের আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৫১৫ ঘ.
bdnews24