রংপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রংপুরের তারাগঞ্জ উপজেলায় মসজিদ নির্মাণ নিয়ে আহমদিয়া স¤প্রদায়ের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১১ জনের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।
গ্রেপ্তাকৃতদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে তারা।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
পরে স্থানীয় সাংসদের উদ্যোগে এলাকার গণ্যমান্য বক্তিদের নিয়ে আলোচনার পর গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেয়ার আশ্বাসে বিকাল সোয়া ৫টার দিকে অবরোধ তুলে নেয় তারা।
বুধবার উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের বামনদিঘী গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে আহমদিয়া সম্প্রদায়ের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ সময় আহমদিয়া সম্প্রদায়ের একজনের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়।
এ ঘটনায় ওই দিনই ১১জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/২১৪৬ ঘ.
bdnews24