ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগ বাদ দিয়ে জাতীয় সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
একইসঙ্গে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ নিষিদ্ধ এবং এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার করে ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তায়ন চায় সংগঠনটি।
বৃহস্পতিবার রাজধানীর পল্টনে মুক্তি ভবনে জাতীয় কমিটির এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
রামপাল বিদ্যুত প্রকল্পকে ‘জাতীয় স্বার্থহানিকর’ আখ্যায়িক করে তিনি বলেন, “জনগণের সকল আন্দোলন ও প্রতিবাদ উপেক্ষা করে পরিবেশগত সমীক্ষার ন্যূনতম শর্ত ভঙ্গ, জোরপূর্বক মানুষ উচ্ছেদ ও সুন্দরবনের সর্বনাশ করে এবং ভারতের কোম্পানিকে সুবিধা দিয়ে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুত প্রকল্পের জন্য সরকার যে চুক্তি করেছে তা বেআইনি ও সুদূরপ্রসারীভাবে জাতীয় স্বার্থহানিকর।”
এ প্রকল্প সম্পূর্ণ বাতিল করে কয়লা ব্যবস্থাপনায় ‘কোল বাংলা’ নামে একটি জাতীয় সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশীয় উদ্যোগে পরিবেশ ছাড়পত্র ও জনগণের সম্মতি নিয়ে রামপালে বিদ্যুতকেন্দ্র স্থাপনের দাবি জানান তিনি।
আনু মুহাম্মদ বলেন, ফুলবাড়িতে জীবন দিয়ে মানুষের প্রতিরোধ ও জনগণের আন্দোলনের পরেও সরকার উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে পুনর্বাসনের ‘অপচেষ্টায়’ লিপ্ত।
ফুলবাড়ি কয়লা উত্তোলনে গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে এশিয়া এনার্জির প্রকল্পের পক্ষে কোনো সুপারিশ নেই বলেও তিনি দাবি করেন।
দিনাজপুর জেলা ও ফুলবাড়িসহ চার থানায় এশিয়া এনার্জির জরিপ কাজ নির্বিঘœ করার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে রামপাল প্রকল্প বাস্তবায়ন করা হলে তা হবে আত্মঘাতী। কারণ ভারত এজন্য উচ্চ সুদে ঋণ দেবে।
উন্মুক্ত খনি ‘চক্রান্ত’, সরকার ও এশিয়া এনার্জির অপতৎপরতার বিরুদ্ধে ফুলবাড়িসহ চার থানা ও দিনাজপুর জেলা কমিটি আগামী ১৩ নভেম্বর থেকে সুধীসমাবেশ, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া ও জনসভাসহ ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া ১৩ নভেম্বর ঢাকায় প্রতিবাদ সমাবেশ এবং ২৮ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি হবে।
অন্যদের মধ্যে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএএইচ/জেকে/২১১০ ঘ.
bdnews24