২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনি পরিচালকের জামিন আবেদন নাকচ

ডেসটিনি গ্রুপের পরিচালক ও ডায়মন্ড বিল্ডার্সের প্রধান নির্বাহী দিদারুল আলমের জামিন আবেদন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি গ্রুপের পরিচালক ও ডায়মন্ড বিল্ডার্সের প্রধান নির্বাহী দিদারুল আলমের জামিন আবেদন নাকচ করেছে আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক বৃহস্পতিবার এ আদেশ দেন। মহানগর হাকিমের আদেশের বিরুদ্ধে জ্যেষ্ঠ বিশেষ জজের কাছে জামিন চেয়েছিলেন দিদারুল। শুনানি শেষে বিচারক এ জামিন আবেদন নাকচ করে দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম তালুকদার। এর আগে গত ২৯ অক্টোবর ডেসটিনির ১৪৩ কোটি টাকা হস্তান্তরের কথা স্বীকার করেন ডায়মন্ড বিল্ডার্সের এই প্রধান নির্বাহী কর্মকর্তা। জবানবন্দি রেকর্ড শেষে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন। এর আগে গত ২১ অক্টোবর দিদারুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের হেফাজতে নেয়ার অনুমতি দুর্নীতি দমন কমিশনকে দিয়েছিলেন বিচারক। গত ২০ অক্টোবর বেলা পৌনে দুইটায় রাজধানীর মহাখালী ডিওএইচএসের বাসা থেকে কাফরুল থানা পুলিশের সহযোগিতায় দিদারুলকে গ্রেপ্তার করে দুদক। গত ২৭ সেপ্টেম্বর ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনসহ গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া জামিন বাতিল করে অবিলম্বে তাদের এখতিয়ার সম্পন্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় মহানগর দায়রা জজ আদালত। ওইদিন থেকেই দিদারুুল আলম পলাতক ছিলেন। এর আগে গত ৩১ জুলাই ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, ডেসটিনি ২০০০ লিমিটেড কর্তৃপক্ষ ডেসটিনি ট্রি প্ল্যানটেশন ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে প্রায় ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু বর্তমানে তাদের পৃথক দুই ব্যাংক অ্যাকাউন্টে ৫৬ লাখ ও ৪ কোটি ৮৭ লাখ টাকা পাওয়া গেছে। গত ১১ অক্টোবর অর্থ পাচারের দুই মামলায় চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালককে রফিকুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আঠারো দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন বিচারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০০৬ ঘ.