২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি মজুরদের শ্রমিক স্বীকৃতির দাবি

কৃষিখাতে উৎপাদনশীলতা বাড়াতে ভূমি ও কৃষি সংস্কারের পাশাপাশি কৃষি মজুরদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিখাতে উৎপাদনশীলতা বাড়াতে ভূমি ও কৃষি সংস্কারের পাশাপাশি কৃষি মজুরদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে ‘ভূমি-কৃষি সংস্কার ও কৃষক আন্দোলন-বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ কৃষক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষকনেতা কমরেড আবদুস সাত্তার খানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেডারেশনসহ ৮টি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। ইনু বলেন, “মহাজোট সরকারের সময়ে বাংলাদেশের কৃষিখাতে যতখানি উৎপাদন বৃদ্ধি পেয়েছে তা আরো বাড়তে পারতো যদি ভূমি ও কৃষি সংস্কারের আরো জোরালো উদ্যোগ নেয়া হতো।” এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শ্রম আইনে কৃষি মজুরদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয়া হয়নি। কৃষি শ্রমিকদের ব্যাপারে কোনো আইনও নেই। আমি আশা করবো সংসদ এবং শ্রমমন্ত্রী প্রস্তাবিত শ্রম আইনে বিষয়টি অন্তর্ভুক্ত করবেন।” একই সাথে খাসজমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য তা সত্যিকারের ভূমিহীনদের মাঝে ‘বিক্রয় কিংবা হস্তান্তযোগ্য নয় এমন শর্তে বিতরণের উদ্যোগ নেয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন ইনু। কৃষক নেতা লিয়ার হোনেন খান এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ, শ্রমিক নেতা আবুল হোসাইন, ভূমিহীন নেতা সুবল সরকার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২০০২ ঘ.