২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোরকানের মৃত্যু: লিমনরা ‘নির্দোষ’

লিমন ও তার মা-বাবা, ভাইয়ের নামে করা ফোরকার হত্যা মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই মৃত্যু স্বাভাবিক ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঝালকাঠী, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো লিমন ও তার মা-বাবা, ভাইয়ের নামে করা হত্যা মামলা থেকে তাদের অব্যাহতি দেয়ার সুপারিশ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম ফোরকান হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেন। প্রতিবেদনে র‌্যাবের সোর্স ইব্রাহীম হাওলাদারের শ্যালক ফোরকান হাওলাদারের মৃত্যু স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে। আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফোরকানের মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যু মামলা ও একই ঘটনায় আদালতে দায়ের করা নালিশী হত্যা মামলা তদন্ত করে সুরতহাল, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন পর্যালোচনা শেষে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে।” এতে ফোরকানের স্বাভাবিক মৃত্যুর বিষয়টি প্রমাণিত হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিমন বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকমকে বলেন, “হয়রানি করার জন্য আমাদের বিরুদ্ধে হত্যার মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। পুলিশি তদন্তে সত্য উদঘাটিত হয়েছে। আমার বিরুদ্ধে র‌্যাবের দেয়া মামলা দুটিরও সঠিক তদন্ত হলে তাতেও আমি নির্দোষ প্রমাণিত হতাম।” গত ঈদুল ফিতরের দিন ২০ অগাস্ট বিকেলে লিমন তার মা ও ভাইকে সঙ্গে নিয়ে রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের বাড়ি থেকে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ভাড়া বাসায় যাওয়ার পথে ইঁদুরবাড়ি নামক স্থানে তাদের ওপর হামলা চালায় র‌্যাবের কথিত সোর্স ইব্রাহীম হাওলাদার। এতে লিমনসহ তার মা ও ভাই আহত হন। খবর শুনে ইব্রাহীমের শ্যালক মো. ফোরকান ঘটনাস্থলে যাওয়ার সময় পথে অসুস্থ্য হয়ে মারা যান। এ ঘটনায় ওই দিন রাতেই ফোরকানের বোন ও ইব্রাহীমের স্ত্রী লিলি বেগম মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। ঘটনার তিন দিন পর ২৩ অগাস্ট ইব্রাহীম তার শ্যালক ফোরকানকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে লিমনের মা হেনোয়ারা বেগম, বাবা তোফাজ্জেল হোসেন, ভাই হেমায়াতে হোসেন, মামা সিদ্দিক হোসেন, চাচা মো. রিপন আকন ও নিকটাত্মীয়সহ ১০ জনকে আসামি করে ঝালকাঠীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি নালিশী হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৪৬ ঘ.