ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে ১০ জন অতিরিক্ত সচিব ও ২৫ যুগ্ম-সচিবের পদে রদবদল করা হয়েছে।
এদের মধ্যে তিনজন অতিরিক্ত সচিব ও তিনজন যুগ্ম-সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
ওএসডি হওয়া তিনজন অতিরিক্ত সচিব হলেন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য এএস শামীম আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম খোরশেদ আলম ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম ইয়াহিয়া চৌধুরী।
অতিরিক্ত সচিবদের মধ্যে ওএসডি কায়কোবাদ হোসেনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য ও আমির হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব আহসান জাকিরকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য জগদীশ রায়কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ময়েজুদ্দীন আহমেদকে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
ওএসডি অতিরিক্ত সচিব শুসেন চন্দ্র দাসকে শিল্প মন্ত্রণালয়ে এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব শহিদুল্লাহ মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
ওএসডি হওয়া তিনজন যুগ্ম-সচিব হলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির-৩ পরিচালক (প্রোগ্রাম) মনোজ মোহন মিত্র, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক জামাল আব্দুন নাসের চৌধুরী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব শংকর প্রসাদ দেব।
এছাড়া গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক হাসান ইমামকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ডিপেনিং এমটিবিএফ অ্যান্ড স্ট্রেংদেনিং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিবিলিটি (ডিএমটিবিএফ) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক নাসির উদ্দিন আহমেদকে ভূমি মন্ত্রণালয়ে, ওএসডি যুগ্মসচিব ফরিদা নাসরিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, ওএসডি যুগ্মসচিব রোখসানা কাদেরকে কৃষি মন্ত্রণালয়ে, বিদ্যুৎ বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব জামাল উদ্দিন আহমেদকে সড়ক বিভাগে, ওএসডি যুগ্মসচিব ডা. আনোয়ার হোসেনকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এবং বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলির আদেশাধীন যুগ্মসচিব এম বজলুল করিম চৌধুরীকে ওএসডি করে শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
ওএসডি যুগ্মসচিব মতিয়ার রহমানকে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং এমএ সালামকে বরিশাল বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ইরতিজা আহমেদ চৌধুরীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের প্রকল্প পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আকতার-উজ-জামানকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য, রাকিব হোসেনকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রামের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. সিদ্দিককে চট্টগ্রামে বাংলাদেশ চা বোর্ডের সদস্য, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আজহারুল হককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির-৩ পরিচালক (প্রোগ্রাম), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক আব্দুল মান্নানকে পিটিআইবিহীন ১২ জেলায় পিটিআই স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক, পিটিআইবিহীন ১২ জেলায় পিটিআই স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইমরানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ পাটকল কর্পোরেশনে পরিচালক পদে বদলির আদেশাধীন শওকত আকবরকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক)’ প্রকল্পের প্রকল্প পরিচালক, বিদ্যুৎ বিভাগের সংযুক্ত ওএসডি যুগ্মসচিব সিরাজ উদ্দিন আহমেদকে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব মিজানুর রহমানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য, ওএসডি যুগ্মসচিব মতিউর রহমান খানকে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব বিমল চন্দ্র দাসকে ডিপেনিং এমটিবিএফ অ্যান্ড স্ট্রেনদেনিং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিবিলিটি (ডিএমটিবিএফ) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আমিনুর রহমানকে প্রত্যাহার করে পদায়নের জন্য তার চাকরি অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৫৪ ঘ.
bdnews24