ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জে চালককে চেতনানাশক মেশানো চা খাইয়ে অটোরিকশা নিয়ে পালানোর সময় গণপিটুনিতে অজ্ঞানপার্টির এক সদস্য নিহত হয়েছেন।
কেরানীগঞ্জের খাগাইল এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে ঝোপ থেকে অটোরিকশাচালক বাবুলের (৩৫) লাশও উদ্ধার করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে কেরানীগঞ্জের কদমতলী থেকে ইউনুস মিয়া ও সুমন নামে দুই জন বাবুলের অটোরিকশা ভাড়া নেয়। পথে তারা কৌশলে বাবুলকে চেতনা নাশক চা খাওয়ায়।
রাত ১টার দিকে ইউনুস ও সুমন অচেতন বাবুলকে কালিন্দী গ্রামে রাস্তার পাশে ফেলে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় পিছনের অন্য একটি অটোরিকশাচালক বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করে। পরে খাগাইল এলাকায় জনতা ইউনুস ও সুমনকে সিএজিসহ ধরে গণপিটুনি দেয়।
গণপিটুনিতে গুরুতর আহত অজ্ঞানপার্টির ওই দুই সদস্যকে ভর্তি করা হলে ভোর ৫টার দিকে ইউনুসের মৃত্যু হয়।
এদিকে বৃহস্পতিবার সকালে কালিন্দী এলাকায় রাস্তার পাশে একটি ঝোপের মধ্য থেকে বাবুলকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯৪৪ ঘ.
bdnews24