ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল নোটের বিস্তার রোধে নতুন আইনের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে জানিয়ে ডেপুটি গভর্নর আবুল কাশেম বলেছেন, এর ওপর সংশ্লিষ্ট সবার মতামত নেয়া হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা জাল নোট সংক্রান্ত আইন করতে যাচ্ছি। ইতোমধ্যে প্রাথমিক খসড়াও প্রয়য়ন করা হয়েছে।”
জাল নোট সংক্রান্ত মামলা নিস্পত্তিতে সাক্ষী না পাওয়ার বিষয়টিকে একটি ‘বড় সমস্যা’ হিসাবে চিহ্নিত করে ডেপুটি গভর্নর বলেন, “এ জন্য আইনে আমরা আলাদা ধারা রাখার প্রস্তাব করেছি।”
এই খসড়া আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার মতামত নেয়ার জন্য পাঠানো হবে বলে জানান তিনি।
যেকোন মূল্যে জালনোট বন্ধ করতে হবে মন্তব্য করে ডেপুটি গভর্নর আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
আবুল কাশেম বলেন, “জাল নোট সনাক্ত করার জন্য বাজারে যে মেশিনগুলো চালু রয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময়ই তা সঠিকভাবে কাজ করে না।”
এ জন্য তিনি মাঠপর্যায়ের কর্মকর্তা ও কারিগরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন।
গত কোরবানির ঈদের আগে রাজধানীর পশুর হাটগুলোতে ‘জাল নোট প্রতিরোধে সহায়তাকারী’ বিভিন্ন সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের ধন্যবাদ জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। পুলিশ, র্যাব, বিজিবিসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, বর্তমানে জাল টাকা নিয়ে পাঁচ হাজারেরও বেশি মামলা অনিস্পন্ন রয়েছে।
গত কিছুদিন ধরে ঈদের আগে আগে টাকা জালকারী চক্রগুলো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠায় এবং বড় অংকের জাল নোটসহ বেশ কয়েকজন জালিয়াত ধরা পড়ার পর এ বিষয়ে কঠোর আইন করার উদ্যোগ নেয় সরকার। অর্থমন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ গত ৮ অক্টোবর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেয়।
আগামী বছরের মধ্যে আইনটি চূড়ান্ত করা সম্ভব হবে বলে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা আশা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এইচএএইচ/জেকে/১৯১৫ ঘ.
bdnews24