চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের তিনটি কাঁচাবাজারে ফরমালিন পরীক্ষার বিশেষ যন্ত্র বসানো হয়েছে।
বৃহস্পতিবার নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজার, চৌমুহনীর সিডিএ কর্ণফুলী বাজার ও ষোলশহর কাঁচাবাজারে যন্ত্রগুলো স্থাপন করে বাজারগুলোকে ‘ফরমালিনমুক্ত’ ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
সকালে সিএমপির কমিশনার মো. শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ওই তিনটি বাজারকে ফরমালিনমুক্ত বাজার হিসেবে ঘোষণা দেন।
পর্যায়ক্রমে চট্টগ্রামের সব কাঁচাবাজারে এ যন্ত্র বসানোর জন্য ব্যবসায়ীদের সহায়তা চান তিনি।
তিনি জানান, ফরমালিন পরীক্ষার জন্য যন্ত্রগুলো যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে। প্রতিটির জন্য খরচ পড়েছে এক লাখ ২৬ হাজার টাকা।
এগুলো ব্যবহারের করে মাছ, সবজি ও ফলসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে ফরমালিন পরীক্ষার জন্য ১৮ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে তিনি জানান।
কাজীর দেউড়ি কাঁচাবাজার, চৌমুহনীর সিডিএ কর্ণফুলী বাজার ও ষোলশহর কাঁচাবাজারে তিনজন করে নারী পুলিশ সদস্য এবং সিভিল টিমের তিনজন সদস্য ফরমালিন পরীক্ষা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নগর পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৭০৮ ঘ.
bdnews24