ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের সময় একজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফরহাদ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূগোল ও পরিবেশ বিভাগের এক ছাত্রী রিকশায় করে যাওয়ার সময় টিএসসির পাশে একটি মোটর সাইকেল থেকে এক যুবক তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
এরপর ওই ছাত্রীর চিৎকারে শিক্ষার্থীরা যুবকটিকে আটক করে এবং পিটুনি দিয়ে প্রক্টোরিয়াল কমিটির সহযোগিতায় শাহবাগ থানায় সোপর্দ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহবাগ থানা পুলিশই ওই ছিনতাইকারীর বিষয়ে ব্যবস্থা নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭১০ ঘ.
bdnews24