২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ‘মহার্ঘ ভাতা’ বাস্তবায়নের দাবি

বকেয়া বেতন ও মহার্ঘ ভাতার দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে সাংবাদিকদের কয়েকটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 10:49 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও মহার্ঘ ভাতার দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে সাংবাদিকদের কয়েকটি সংগঠন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, অষ্টম মজুরি কাঠামো ঘোষণার আগে অন্তবর্তীকালীন সময়ের জন্য সংবাদকর্মীদের মূল বেতনের যে ৫০ শতাংশ মহার্ঘ ষোষণা করা হয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। “মহার্ঘ ভাতার ঘোষণা বাস্তবায়ন না করা হলে তা দেশের প্রচলিত আইন ভঙ্গ করার শামিল হবে।” যারা মহার্ঘ ভাতা ও অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে না- তাদের সরকারি বিজ্ঞাপন ও নিউজপ্রিন্ট দেয়া বন্ধ করার দাবি জানান তিনি। ইনকিলাব, জনকণ্ঠ, সমকাল, দিনকাল ও জনতার সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে সাংবাবিদকদের নিরাপত্তা বিধান এবং ‘মুক্ত-স্বাধীন’ গণতন্ত্র প্রতিষ্ঠারও দাবি জানানো হয় সমাবেশ থেকে। প্রচলিত আইনে সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে উল্লেখ করে ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকদের এই অধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বলেন, মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ হলেও তা বাস্তবায়নে কিছু প্রতিষ্ঠান টালবাহানা শুরু করেছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। অন্যদের মধ্যে বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমীন গাজী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ডিইউজের দুই অংশের সভাপতি আব্দুস শহীদ ও ওমর ফারুক, একাংশের সাধারণ সম্পাদক মো. বাকের হোসাইন সমাবেশে বক্তব্য দেন। তারা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারেরও দাবি জানান। ইকবাল সোবহান চৌধুরী বলেন, আগামী ২৪ নভেম্বরের মধ্যে এ হত্যারহস্য উন্মোচন এবং হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না হলে পূর্বঘোষণা অনুযায়ী পরদিন ঢাকায় মহাসমাবশে করা হবে। “এ হত্যাকাণ্ডের তদন্ত অনির্দিষ্টকাল চলতে দেয়া হবে না।” রুহুল আমিন গাজী বলেন, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের করা মামলায় সাংবাদিক নেতাদের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। সাংবাদিকদের স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ না করা হয় সেজন্য বিচার বিভাগের প্রতি আহ্বান জানান তিনি। গত ১০ সেপ্টেম্বর বিভিন্ন টেলিভিশন ও সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিক নেতাদের বিরুদ্ধে আদালতে যান মাহফুজ। এতে সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে তাকে জড়িয়ে সাংবাদিকদের সমাবেশ, সংবাদ ও বিবৃতি প্রকাশকে বেআইনি ঘোষণার আদেশ চাওয়া হয়। এর দুদিন পরে বিবাদীদের তালিকা থেকে বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনকে বাদ দেয়া হলেও বিভিন্ন সংবাদিক সংগঠনের নেতাসহ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিবাদী রাখা হয়। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/জেকে/১৬৪৫ ঘ.