খাগড়াছড়ি, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি জেলাশহরের বাস টার্মিনাল এলাকা থেকে সাভারের তিন স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া তিন ছাত্র জানিয়েছে, তারা সাভারের শ্রীপুর উপজেলার হলিচাইল্ড কেজি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
এরা হলো- মো. ইব্রাহিম খলিল, বাবার নাম ফজলুল উদ্দিন, মো. সাকিবুর রহমান, বাবার নাম মো. হাসান ইমাম এবং রাকিব হোসেন, বাবার মো. জাকির হোসেন।
সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস থেকে নেমে এই তিন শিশু গন্তব্যহীন হয়ে পড়ে।
স্থানীয় জনতা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। আদালত তাদের পুলিশ হেফাজতে রাখার আদেশ দেয়।
তবে কী কারণে এবং কী উদ্দেশ্যে তিন ছাত্র খাগড়াছড়ি এসেছে সুনির্দিষ্টভাবে তার কোনো তথ্য জানাতে পারেনি বলে জানান ওসি।
তিন ছাত্রকে পৌঁছে দিতে তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে মুস্তাফিজুর রহমান বলেন, এরই মধ্যে ইব্রাহিম খলিলের বাবার সঙ্গে ফোনে কথা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩৫ ঘ.
bdnews24