চাঁদপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর থেকে পাঁচমণ জাটকা ও ১৯ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।
বুধবার রাতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে জাটকা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কারেন্ট জাল আটক করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. জহুরুল হক জানান, রাত ১২টায় শহরের বড়স্টেশন মেঘনা মোহনা এলাকায় এমভি ফ্লোটিলা নামের একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় জাটকাগুলো উদ্ধার করা হয়।
ভোলা থেকে ছেড়ে আসা লঞ্চটি চাঁদপুর হয়ে ঢাকা যাচ্ছিল বলে জানান তিনি।
এদিকে বুধবার রাতভর মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা ১৯ হাজার মিটার কারেন্ট জাল আটক করে।
আটক জাটকা বৃহস্পতিবার সকালে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৪২ ঘ.
bdnews24