ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনায় রামুর তখনকার ওসি এ কে নজিবুল ইসলামের গাফিলতি পেয়েছে পুলিশের তদন্ত কমিটি।
কমিটির প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঘটনার গুরুত্ব উপলব্ধিতে ব্যর্থ হয়েছিলেন কক্সবাজারের সেই সময়ের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী এবং পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।
রামুর ঘটনার পর চট্টগ্রামের জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অবস্থায় জয়নুল বারীকে ওএসডি করা হয়। সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে পুলিশ সুপার সেলিমকে। আর ওসি নাজিবুলকে ঘটনার কয়েকদিনের মধ্যেই প্রত্যাহার করা হয়।
গত ২৯ সেপ্টেম্বর রামুতে সংঘটিত ঘটনার তদন্তে পুলিশের তিন সদস্যের কমিটির প্রতিবেদন বুধবার হাই কোর্টে জমা দেয়া হয়। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. নওশের আলী ওই কমিটির প্রধান ছিলেন।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে এই সংক্রান্ত রিট আবেদনকারী ড. ইউনুস আলী আকন্দ ওই প্রতিবেদনের একটি অনুলিপি হাতে পেয়েছেন। প্রতিবেদনের একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতেও এসেছে।
রামুতে ঘটনা শুনার পর ব্যবস্থা নিতে দেরি ছিল না দাবি করে পুলিশ প্রধানের প্রতিবেদন হাই কোর্টের অন্য একটি বেঞ্চে দাখিলের ২০ দিন পর নতুন এই প্রতিবেদন এল ভিন্ন বেঞ্চে। পৃথক দুই আবেদনে হাই কোর্টের দুটি বেঞ্চ গত ৩ অক্টোবর রামুর বিষয়ে আলাদা রুল জারি করেছিল, ছিল কিছু অন্তর্র্বতীকালীন নির্দেশনাও।
নতুন প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় কক্সবাজারের সার্কিট হাউজে জেলা প্রশাসকের বিদায়ী অনুষ্ঠান চলছিল। সেখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন সব কর্মকর্তারা ছিলেন।
“জেলা প্রশাসক সংবাদ পাওয়ার পরও এ ধরনের স্পর্শকাতর এবং ভয়াবহ জটিল পরিস্থিতির চূড়ান্ত পরিণতি অনুধাবন করতে না পারায় তিনি নিজে ঘটনাস্থলে যাননি। ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকেও পাঠাননি।”
পুলিশ সুপার সেলিম জাহাঙ্গীরের কাক্সিক্ষত জনসংযোগ না থাকার বিষয়টি তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, কোরআন শরিফ অবমাননার বিষয়টির গুরুত্ব ও চূড়ান্ত পরিণতি কোন পর্যায়ে যেতে পারে, তা অনুধাবনে মুন্সীয়ানার পরিচয় দিতে পারেননি তিনি। তাই তিনি সঠিক সময়ে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেননি এবং যথাসময়ে ঘটনাস্থলেও উপস্থিত হননি।
তদন্ত কমিটির সদস্যরা জেনেছেন, পুলিশ সুপার রাত ১০টায় ঘটনা শোনেন। তিনি প্রথম দফায় ১০ জন এবং পরবর্তী সময়ে দুই দফার মোট ৩০ জনের বাহিনী পাঠিয়েছিলেন। ধ্বংসাত্মক ঘটনা চলাকালে তারা রামুতে উপস্থিত হলেও তা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি তারা।
এর আগে হাই কোর্টের অন্য একটি বেঞ্চে গত ১৭ অক্টোবর দাখিল করা প্রতিবেদনে পুলিশ প্রধান হাসান মাহমুদ খোন্দকার জানিয়েছিলেন, রামুতে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার খবর পাওয়া মাত্রই অতিরিক্ত পুলিশ মোতায়েনের পদক্ষেপ নেয়া হয়।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই রাতে রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে ধর্মীয় উগ্রপন্থীরা। রাতে একটি মিছিল থেকে উত্তেজনার সূত্রপাত। পরে হাজারের বেশি মানুষ ভাংচুর-অগ্নিসংযোগ-লুটপাটে অংশ নেয়।
ওসি নজিবুল ইসলামের বিষয়ে তদন্ত কমিটি বলেছে, “ওই ঘটনা নিয়ন্ত্রণে সর্ম্পূণরূপে ব্যর্থ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে অবহিত না করায় সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলতির পরিচয় দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।”
ওই ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় কোনো গাফিলতি ছিল কি না, তা উদঘাটনে তদন্ত কমিটি মোট ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করে।
রামুতে সংখ্যালঘু স¤প্রদায়ের জীবন-সম্পদের সুরক্ষায় কী পদক্ষেপ নেয়া হয়েছিল- তা প্রতিবেদন আকারে দিতে একটি রিট আবেদনে পুলিশ মহাপরিদর্শককে গত ৩ অক্টোবর নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও রামুর বাসিন্দা জ্যোতির্ময় বড়ুয়ার আবেদনে ওই নির্দেশের পর বুধবার মির্জা হোসেইন হায়দার ও কাজী মো. ইজাাংল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চে প্রতিবেদন দেন আইজিপি।
পুলিশ প্রধানের পক্ষে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (আইন) মো. মিজানুর রহমানের তৈরি করা এই প্রতিবেদন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার আদালতে দাখিল করেন।
আইজিপির প্রতিবেদনে বলা হয়, “কক্সবাজার পুলিশ সুপারের কাছে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর অবিলম্বে পুলিশের মহাপরিদর্শক ঘটনাস্থল বিশেষ করে রামুতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা করেন। ওই এলাকায় যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ করেন।”
তবে হাসান মাহমুদ খোন্দকার কখন খবর পেয়েছিলেন, তা প্রতিবেদনের কোথাও বলা হয়নি।
রামুতে হামলা ঠেকাতে পুলিশসহ প্রশাসন ব্যর্থ ছিল বলে মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, স্থানীয় প্রশাসন ও পুলিশ সময়মতো তৎপর হলে ঘটনা এত বড় হতে পারত না।
বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠার পর রামু থানার তৎকালীন ওসি নজিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১১১১ ঘ.
bdnews24