টাঙ্গাইল, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনের আগে বাইরের লোকজনের আনাগোনাকে সমস্যা হিসাবে উল্লেখ করেছেন দুই প্রার্থী।
বুধবার ঘাটাইল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী এই অভিযোগ করেন।
সভায় আওয়ামী লীগ প্রার্থী শহিদুল ইসলাম লেবুর প্রতিনিধি, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান এবং ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত শিকদার স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, গভীর রাতে সখীপুর উপজেলার লোকজন মোটর সাইকেলে এসে ভোটারদের ভয় দেখায়।
জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ একই অভিযোগ করেন সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে।
তিনি বলেন, “কালিহাতী ও মধুপুর উপজেলার প্রভাবশালী ব্যক্তিবর্গ ঘাটাইলের লোকজনকে ডেকে নিয়ে শহিদুল ইসলামের পক্ষে ভোট চাচ্ছেন।”
স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের আমানুর রহমান খানের প্রতিনিধি আতাউর রহমান খান সভায় বলেন, “যদি কেউ বহিরাগত লোকজন এনে নির্বাচন পরিচালনা করে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হোক।”
প্রার্থীদের অভিযোগ শুনে ঢাকার বিভাগীয় কমিশনার এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী বলেন, বহিরাগত ঠেকাতে প্রয়োজনে চেকপোস্ট বসানো হবে।
“বহিরাগতদের ঠেকানোর ব্যাপারে প্রশাসনের অবস্থান অত্যন্ত শক্ত।”
জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, র্যাব-১২ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এ টি এম আনিছুজ্জামান, রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার প্রমুখ।
আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মতিউর রহমানের মৃত্যুতে শূন্য হওয়া টাঙ্গাইল-৩ আসনে আগামী ১৮ নভেম্বর ভোট হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৫০ ঘ.
bdnews24