ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সংঘর্ষের মামলায় জামায়াতে ইসলামীর ৬৩ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমান, আসাদ্জ্জুামান নূর এবং হাসিবুল হক বুধবার বিকালে আলাদা মামলায় জিজ্ঞাসাবাদের এই অনুমতি দেন।
রামপুরা থানায় দায়ের করা মামলায় নয় জনকে তিন দিন হেফাজতের আদেশ দেন হাকিম হাসিবুল হক। এই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
রমনা থানায় দ্রুত বিচার আইনের দুই মামলার একটিতে ১৯ জন এবং অন্যটিতে ৩৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন হেফাজতের আদেশ দেন হাকিম সাইফুর রহমান ও আসাদুজ্জামান নূর।
যুদ্ধাপরাধে আটক নেতাদের মুক্তির দাবিতে সোমবার মতিঝিলে বিক্ষোভরত জামায়াত-শিবিরকর্র্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।
এর পরদিন রামপুরা ও রমনা থানা এলাকায় জামায়াতকর্মীরা পুনরায় মিছিল বের করলে আবারো পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় রামপুরা থানায় একটি এবং রমনা থানায় দুটি মামলা করে পুলিশ, গ্রেপ্তার করা হয় ৬৩ জনকে।
মতিঝিলে সোমবারের সংঘর্ষের ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চারশ জনকে আসামি করে চারটি মামলা করে পুলিশ।
ওই মামলায় গ্রেপ্তার ৩০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তিন দিন পুলিশ হেফাজতের আদেশ দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২১২১ ঘ.
bdnews24