২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমআরপি প্রকল্প থেকে বাদ রেফায়েত

সরিয়ে দেয়া হল ‘যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) এবং যন্ত্রে পাঠযোগ্য ভিসা (এমআরভি) প্রকল্পে’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরিয়ে দেয়া হল ‘যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) এবং যন্ত্রে পাঠযোগ্য ভিসা (এমআরভি) প্রকল্পে’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহকে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ডিন পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার রেফায়েতকে এমআরপি প্রকল্প থেকে সরানোর আদেশ দেয়, যা বুধবার প্রকাশিত হয়। এমআরপি ও এমআরভি প্রকল্পের নতুন পরিচালক হয়েছেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান। এজন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে গত ৪ নভেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই প্রকল্পের অধীনে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) এবং যন্ত্রে পাঠযোগ্য ভিসা (এমআরভি) তৈরির জন্য নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান আইআরআইএস করপোরেশনের সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছরের বাড়ানোর সিদ্ধান্ত নেয়। চুক্তির মেয়াদ শেষ এবং জনবল সঙ্কটসহ নানান জটিলতায় প্রতিষ্ঠানটি কিছুদিনের জন্য এমআরপি এবং এমআরভি তৈরির কাজ বন্ধ করে দেয়। চুক্তির মেয়াদ বাড়ানোর ফলে প্রতিষ্ঠানটি ২০১৪ সাল পর্যন্ত কাজ চালিয়ে যেতে এবং প্রতিষ্ঠানের জন্য জনবল নিয়োগসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯৩১ ঘ.