২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঝালকাঠি পৌর নির্বাচনে ভোট পুনঃগণনার আদেশ বেআইনি’

ঝালকাঠি পৌরসভার নির্বাচনে ১৮টি কেন্দ্রের ভোট পুনর্গণনার আদেশ বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 11:47 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠি পৌরসভার নির্বাচনে ১৮টি কেন্দ্রের ভোট পুনর্গণনার আদেশ বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করেছে হাই কোর্ট। এ সংক্রান্ত একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই রায় ঘোষণা করে। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই রায়ের পর অ্যাপিলেট ট্রাইব্যুনালের আদেশটি বাতিল হয়ে গেলো। তিনি আরো জানান, রায়ে হাই কোর্ট বলেছে, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে হলে একটি ভিত্তি প্রয়োজন। সংশ্লিষ্ট অভিযোগটি সঙ্গে সঙ্গেই রিটার্নিং কর্মকর্তার কাছে করা না হলে সেই ভিত্তি থাকে না। এই ক্ষেত্রে এ ধরনের কোনো অভিযোগ করা হয়নি। তাই গেজেটের পরে করা আবেদনের ভিত্তিতে ভোট পুনঃগণনা চলতে পারে না। ২০১১ সালের ২৪ মার্চ ঝালকাঠি পৌরসভার নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন আট হাজার ৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত হোসেন পান ছয় হাজার ২৩৭ ভোট। আফজাল ২ এপ্রিল মেয়র হিসাবে শপথ নেওয়ার পর লিয়াকত নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঝালকাঠির নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনাল ১ নভেম্বর ১৮টি কেন্দ্রের ভোট আবার গণনার নির্দেশ দেয়। এই আদেশের বিরুদ্ধে মেয়র আফজাল হোসেন আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। ২৯ নভেম্বর আপিল ট্রাইব্যুনাল ওই আবেদন খারিজ করে ভোট পুনঃগণনার আদেশ বহাল রাখে। বহালের এই আদেশ চ্যালেঞ্জ করে মেয়র আফজাল হোসেনের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ জানুয়ারি হাই কোর্টের অন্য একটি বেঞ্চ রুল দিয়েছিল। ওই সময় পাশাপাশি ভোট গণনার আদেশে স্থগিতাদেশও দেওয়া হয়। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেওয়া হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৭৪০ঘ.