শহীদুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শিক্ষক পুল’ গঠনে সুপারিশকৃত ১৫ হাজার ১৯ জনকে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ দিচ্ছে সরকার।
সহকারী শিক্ষকদের বিদ্যামান পদের বিপরীতে ১০ শতাংশ ‘লিভ রিজার্ভ’ পদ সৃষ্টি করে এদেরকে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) এম এম নিয়াজউদ্দিন।
বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিভ রিজার্ভ পদ সৃষ্টির জন্য প্রাথমিক শিক্ষক পুল নীতিমালা তৈরি করে সম্মতির জন্য তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”
“জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেলইে শিক্ষক পুল গঠনের জন্য সুপারিশকৃত প্রার্থীদের সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ দেয়া হবে।”
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ছুটি ও প্রশিক্ষণজনিত কারণে সাময়িক ঘাটতি পূরণের জন্য লিভ রিজার্ভ পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানান নিয়াজউদ্দিন।
বর্তমানে ৩৭ হাজার ৬৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক রয়েছেন। এই শিক্ষকদের বিপরীতে ১০ শতাংশ হারে ১৮ হাজার লিভ রিজার্ভ পদ সৃষ্টির জন্য সুপারশি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত ১৪ অগাস্ট ১২ হাজার ৭০১ জনকে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ দেয়া হয়। এছাড়া প্রথমবারের মত শিক্ষক পুল গঠনের জন্য সহকারী শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের বিপরীতে প্রার্থী নির্বাচনের পর অবশিষ্টদের মধ্য থেকে ১৫ হাজার ১৯ জনকে উপজেলা/থানাওয়ারি প্রাথমিক শিক্ষক পুল গঠনের জন্য সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শিক্ষক পুলে নিয়োগের জন্য সুপারিশকৃতদের লিভ রিজার্ভ পদে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ দেয়ার আগে শিক্ষক পুলে নিযুক্ত করা হবে।
তবে শিক্ষদের ওই পুল এখনো গঠন করা হয়নি। উপজেলা অথবা থানায় কর্মরত শিক্ষকের আনুপাতিক হারের ভিত্তিতে পুল গঠন করার কথা।
নীতিমালায় বলা হয়েছে, লিভ রিজার্ভ অর্থাৎ মাতৃত্বকালীন ছুটি, উচ্চ শিক্ষার জন্য ছুটি, হজ ও তীর্থ যাত্রা এবং চিকিৎসা ও প্রশিক্ষণজনিত কারণে সাময়িকভাবে শিক্ষকদের পদ শূন্য হয়।
নীতিমালায় বলা হয়েছে, পুলে দায়িত্ব পাওয়ার পর প্রত্যেক শিক্ষক ছয় হাজার টাকা করে মাসিক বেতন পাবেন এবং তারা প্রাথমিক শিক্ষক পুল ব্যবস্থাপনা কমিটির নিয়ন্ত্রণে থাকবেন।
উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ক্ষেত্রে জেলা প্রশাসক মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন বলে নীতিমালায় বলা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, পুলভুক্ত শিক্ষকরা সরকারি ছুটির ছাড়া অসুস্থতা ও দুর্ঘটনাজনিত কারণে সাত দিন ছুটি পাবেন। তবে পুলভুক্ত কোনো শিক্ষক অনুমতি ছাড়া ধারাবাহিকভাবে সাত কর্মদিবস অনুপস্থিত থাকলে তার পুলের নিযুক্তি বাতিল হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৭১৪ ঘ.
bdnews24