২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার জয় গণতন্ত্র ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ের: হাসিনা

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আপনার ও যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।” প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, ওবামার এ জয়কে সন্ত্রাসের বিরুদ্ধে তার লড়াই ও গণতন্ত্রের জয় বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরো জোরালো হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। “আগামী দিনগুলোতে আমাদের দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বোঝাপড়া ও সহযোগিতা আরো জোরদারের অপেক্ষায় রয়েছি,” যোগ করেন হাসিনা। চারদিনের সফরে লাওসে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবামার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে গণমাধ্যমগুলো যে পূর্বাভাস দিয়েছে, তাতে দেখা যাচ্ছে- ওবামা পেয়েছেন ৩০৩ ইলেকটোরাল ভোট। রমনি পিছিয়ে থাকছেন প্রায় ১০০ ভোটের ব্যবধানে, তিনি পেয়েছেন ২০৩ ভোট। ভোটারদের চূড়ান্ত রায়ে পরাজয় স্বীকার করে নিয়ে রিপাবলিকান প্রার্থী মিট রমনি ইতোমধ্যে ওবামাকে অভিনন্দন জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/আরএ/১৫০৭ ঘ.