ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীর মৃত্যুসনদ যিনি লিখেছেন, সেই চিকিৎসকসহ চারজন এই হত্যামামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন।
ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মঙ্গলবার সাক্ষ্য দেন ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক আবু সাঈদ এম এম রহমান, ব্যবস্থাপক মতিয়ার রহমান, আইসিইউকর্মী মো. রিপন এবং গুলশান থানার উপ-পরিদর্শক কাজী রবিউল হক।
তাদের সাক্ষ্য নেয়ার পর বিচারক মো. মোতাহার হোসেন আগামী বৃহস্পতিবার শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন।
এই আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষে আটজনের সাক্ষ্য নেয়া হল।
গত বৃহস্পতিবার মামলার বাদী গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের সাক্ষ্য নেয়ার মধ্য দিয়ে সৌদি এই নাগরিক হত্যার বিচার শুরু হয়। গত ৩১ অক্টোবর ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
আসামিদের চারজন কারাগারে রয়েছেন, তারা হলেন- সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিকুল ইসলাম খোকন।
অন্য আসামি সেলিম চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।
গত ৫ মার্চ রাতে গুলশানের কূটনৈতিক পাড়ায় খুন হন খালাফ। ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৮০৬ ঘ.
bdnews24