২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহকর্মীর লাশ উদ্ধার, গৃহকর্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের এম এম আলী রোডের বহুতল একটি ভবনে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ওই বাড়ির কর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের এম এম আলী রোডের বহুতল একটি ভবনে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ওই বাড়ির কর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় আইডিয়াল ম্যালোডি অ্যাপার্টমেন্টের ডি-২ নম্বরের ফ্ল্যাট থেকে সোনিয়া ওরফে রুমার (১৪) লাশ উদ্ধার করা হয়। রাতে নগরীর অলংকার মোড় থেকে গৃহকর্ত্রী তাসনিম রহমান অনন্যাকে (২৮) গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। অনন্যা দাবি করেছেন, রুমা আত্মহত্যা করেছে। তিনি সাংবাদিকদের বলেন, রোববার সকালে তিনি রুমাকে চড় মারতে হাত তুললে তা এড়াতে গিয়ে দেয়ালে আঘাত পায় রুমা। “এরপর আমি মেয়েকে বাসায় রেখে ছেলেকে নিয়ে বাসা থেকে বের হই। তবে রুমাকে বাথরুমে আটকে রেখে যাই।” রুমা বাথরুমের কাপড় রাখার স্ট্যান্ডে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে দাবি করেন অনন্যা। কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম সাংবাদিকদের বলেন, ঘটনার পর অনন্যা তার দুই সন্তানসহ ঢাকায় পালিয়ে যাওয়ার সময় অলংকার মোড়ে বাস কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অনন্যা মোবাইল ফোন ট্রাক করে তার অবস্থান চিহ্নিত করা হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/২১৫০ ঘ.