ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁচপুর সেতু এলাকায় ও মিরপুরের সিন্নিরটেকে নদীতীর দখলকারী বালু ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
সোমবার দুটি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের পক্ষে তিন আইনজীবী রিট আবেদনটি দায়েরের পর তা বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে উপস্থাপন করা হয়।
শীতলক্ষ্যা নদী দখল করে কাঁচপুর সেতু এলাকায় এবং তুরাগ নদী দখল করে মিরপুরের সিন্নিরটেকে সব ধরনের বালু ব্যবসা বন্ধে কেন বিবাদীদের প্রতি নির্দেশনা দেওয়া হবে না- এ মর্মে রুল চাওয়া হয় আবেদনে।
জমি দখলকারীদের হাত থেকে ওই দুই নদীতীর সুরক্ষায় এবং নদীর এলাকায় বালু ব্যবসা থেকে বিরত রাখতে বিবাদীদের প্রতি কেন নির্দেশ দেওয়া হবে না- এ মর্মে রুলের আর্জিও রয়েছে আবেদনে।
বাদীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপস্থাপনের পর আদালত যথারীতি মামলার বিষয়বস্তু জেনে এবিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন। শুনানির পর ওইদিনই আদেশ হতে পারে।
১৫ দিনের মধ্যে নদীতীর থেকে ব্যবসায়ীদের সব বালু অপসারণ এবং তা বাস্তবায়ন শেষে বিবাদীরা যাতে ৪ সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করে তারও নির্দেশনা চাওয়া হয় আবেদনে।
বিআইডব্লিউটিএ’র পরিচালক (পরিকল্পনা), পরিচালক (বন্দর ও ট্রাফিক), প্রধান প্রকৌশলী ও উপ-পরিচালক (নারায়ণগঞ্জ) ও ঢাকা নদী বন্দরের জ্যেষ্ঠ উপ-পরিচালকের প্রতি এ নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েনের মাধ্যমে নারায়ণগঞ্জের পুলিশ সুপার, মিরপুর জোনের পুলিশের উপ-কমিশনার, মিরপুর ও নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উচ্ছেদ ও অপসারণ প্রক্রিয়ায় অংশ নিতে নির্দেশনা চাওয়া হয় আবেদনে।
নৌ-পরিবহন সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, বিআইডব্লিউটিএ’র পরিচালক (পরিকল্পনা), পরিচালক (বন্দর ও ট্রাফিক), প্রধান প্রকৌশলী ও উপপরিচালক (নারায়ণগঞ্জ), ঢাকা নদী বন্দরের জ্যেষ্ঠ উপপরিচালক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার, মিরপুর জোনের পুলিশের উপকমিশনার, মিরপুর ও নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, অ্যাডভোকেট এখলাস উদ্দিন ভূঁইয়া এবং সোসাইটি অব জাস্টিসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম এ রিট আবেদন করেন।
গত ৩১ অগাস্ট ‘কাঁচপুর সেতু এলাকায় নতুন করে ১৭ বিঘা জায়গা দখল’ শিরোনামে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, কাঁচপুর সেতুসংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে এখন কারো নামে জায়গার ইজারা নেই। সেখানে বালু-পাথর ব্যবসা নিষিদ্ধ। দখলদার আর অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু তারপরও নদী দখলসহ অবৈধ কার্যকলাপ বন্ধ হয়নি।
“কাঁচপুর সেতুর নিচে ও দুই পাশে নতুন করে অন্তত ১৭ বিঘা জায়গা কৌশলে দখল করার কথাটি জানিয়েছেন নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দায়িত্বশীল সূত্র। এ ছাড়া নদীর তীরের প্রায় আধা কিলোমিটার অংশজুড়ে চলছে বালু, পাথর ও মাটির অবৈধ ব্যবসা।
“বিআইডব্লিউটিএর দাবি, কয়েক দফা নিলাম ডেকে ভরাট করা জায়গা থেকে মাটি সরানো হলেও বারবার দখল হয়ে যাচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএএইচ/এইচএ/২১২০ ঘ.
bdnews24