২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিগগিরই’ এমডি পাচ্ছে বিমান

৪২টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে আটজনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে, এদের সবাই বিদেশি। আশিক হোসেনের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের সংক্ষিপ্ত তালিকা ইতোমধ্যে তৈরি হয়েছে জানিয়ে বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘খুব শিগগিরই’ এই পদে নিয়োগ দেয়া হবে। গত এপ্রিল থেকে শূন্য এই পদে দ্রুত নিয়োগ দিতে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিবকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল বিমান। মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে তিন সদস্যের একটি নিয়োগ কমিটিও গঠন করা হয়। “এমনকি প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাও প্রস্তুত করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এ বিষয়ে একটি সিদ্ধান্ত চলে আসবে,” বলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জামাল উদ্দিন। তিনি সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমান মন্ত্রণালয়ের পূর্ববর্তী সচিব অবসরে যাওয়ার পর নতুন সচিব এসেছেন। এর মধ্যে বিমান হজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এসব কারণে কিছুটা বিলম্ব হলেও অতি দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।” “আমি বিমান সচিবকে অনুরোধ করেছি, যেন তিনি খুব জলদি প্রক্রিয়া শুরু করে দেন,” যোগ করেন তিনি। ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য গত ২৪ মে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগ্রহী দেশি-বিদেশি প্রার্থীদের ৩০ জুনের মধ্যে বিমানের প্রধান কার্যালয় বলাকার ঠিকানায় আবেদন করতে বলা হয়। ওই সময়ের মধ্যে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৪২ জন আবেদন জমা পড়েছে বলে বিমান কর্মকর্তারা জানান। এই তালিকা থেকে সাবেক বিমান সচিব আতহারুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি যাচাই-বাছাই শেষে আটজনের সংক্ষিপ্ত তালিকা করে। এই তালিকার সবাই বিদেশি। এই তালিকায় থাকা প্রার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার নিয়ে চূড়ান্ত নিয়োগের জন্য চারজনকে ঢাকায় ডাকার কথা থাকলেও এখন পর্যন্ত তা করা হয়নি। বিমানের সর্বশেষ ব্যবস্থাপনা পরিচালক ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডর জাকীউল ইসলাম। গত ২৫ এপ্রিল তিনি চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন পরিকল্পনা বিভাগের পরিচালক ক্যাপ্টেন শেখ নাসের আহমেদ। বর্তমানে বিমানের ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক মোসাদ্দেক আহমেদ ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিমানের উচ্চ পদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবস্থাপনা পরিচালক না থাকায় দীর্ঘ মেয়াদী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। এই কারণে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। যে কোনো বিষয়েই সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে।” সমস্যা হওয়ার বিষয়টি মেনে নিয়ে বিমান চেয়ারম্যান বলেন, “ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করতে কিছুটা সমস্যা তো হয়ই। তবে শিগগিরই এই অবস্থার পরিবর্তন হবে বলে আশা করছি।” ভাড়ায় আনা একটি উড়োজাহাজ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চলে গেলে হজের মৌসুমে বিমানের নিয়মিত ফ্লাইটসূচিতে বিপর্যয় দেখা দেয়। এর জন্য গত ১৭ সেপ্টেম্বর সংসদে বিমান কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন সরকারদলীয় সংসদ সদস্যরাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২১০৪ ঘ.