ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি তত্ত্বাবধানে হল-মার্ক গ্রুপের কারখানা চালু, চাকরির নিশ্চয়তাসহ অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং গ্রুপের মালিকসহ সব দোষীদের শাস্তির দাবিতে প্রতীকী অনশন ও সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিকদের একটি সংগঠন।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ।
সমাবেশে পরিষদের সমন্বয়ক মাহবুবুর রহমান ইসমাইল বলেন, বিদ্যমান শ্রম আইন লংঘন করে হঠাৎ করেই গত ৩০ অক্টোবর নোটিশ দিয়ে হল-মার্কের কারখানাগুলো বন্ধ করে দেয়ায় এর ১৭ হাজার শ্রমিক-কর্মচারি বেতন-ভাতা পায়নি এবং তাদের চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
“গত ৭/৮ বছরের চাকুরির গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনা পরিশোধ না করেই কারখানাগুলো বন্ধ করে দিয়ে শ্রমিকদেরকে বেকার এবং অনিশ্চিত পরিস্থিতিতে ঠেলা দেয়া হয়েছে। ফলে শ্রমিকরা অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছেন, যা নীতিবহির্ভূত এবং শ্রম আইনের পরিপন্থী।”
সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা বাহারানে সুলতান বাহার বলেন, এখন পর্যন্ত শ্রমিকদের চলতি মাসের বেতন দেয়া হয়নি, দুই মাসের ওভারটাইম পাওনা আছে। অতিদ্রুত হলমার্ক গ্রুপের সব কারখানার দায়িত্ব সরকার নিয়ে তা খুলে দিতে হবে এবং ন্যায্য দাবি আদায়ে আন্দোলনরত এ গ্রুপের শ্রমিক কর্মচারির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের নেতা তাসলিমা আখ্তার লিমা, হারুনুর রশীদ মাহমুদ, জুলহাসনাইন বাবু, শবনম হাফিজ, দীপক রায় প্রমুখ।
এদিকে সংগ্রাম পরিষদের এসব দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্ল¬বী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সহ-সভাপতি শামীম, গার্মেন্টস শ্রমিক নেতা আলেয়া বেগম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ওয়ারেসুল হাসান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএ/১৭৫৪ ঘ.
bdnews24