ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মী ছাঁটাই এবং কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে একটি গার্মেন্ট কারখানার শ্রমিকরা।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ূন জানান, শ্রমিকদের বিক্ষোভে সোমবার বেলা সাড়ে ১১টার থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রামপুরা-বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হাকিম টাওয়ারের টোপাজ ড্রেসেজ লিমিটেডের কর্মীরা কারখানায় এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পায়। এরপর সকাল ৮টার দিকে একত্রিত হয়ে প্রায় হাজার খানেক শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করে।
এ সময় তারা কারখানার কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানাতে থাকেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কারখানার মালিকপক্ষের কাউকে না পাওয়ায় শ্রমিকরা বেলা ১২টার দিকে পুরো সড়ক আটকে দেয়।
ঢাকার উত্তর অংশের সঙ্গে দক্ষিণের সংযোগকারী গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়ে আশেপাশের এলাকায়। গুলশান ১ ও ২, বাড্ডা লিংক রোড এবং রামপুরা এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পরে বেলা আড়াইটার দিকে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে আবার যান চলাচল শুরু হয় বলে এসআই হুমায়ূন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/১৫৩২ ঘ.
bdnews24